বিয়ে করলেন জেনিফার অ্যানিস্টন
অবশেষে গোপনে গাঁটছড়া বাঁধলেন মার্কিন তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরু। আংটি বদলের তিন বছর পর বিয়ের কাজটা সারলেন তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৫ অগাস্ট নিজেদের বাড়িতেই ঘরোয়াভাবে বিয়ের পিঁড়িতে বসেন দুজন।
সূত্র বলছে, ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী অ্যানিস্টনের বিয়েতে অংশ নিয়েছিলেন ৭০ জন অতিথি। দীর্ঘদিনের সহশিল্পি কর্টনি কক্স এবং লিসা কুড্রো ছিলেন উপস্থিত অতিথিদের মধ্যে। আরও ছিলেন চেলসি হ্যান্ডলার, টবি ম্যাকগুয়ার, হাওয়ার্ড স্টার্ন, উপ্পস্থাপক জিমি কিমেল, জেনিফার মেয়ার, এলেন ডি জেনেরেসের মতো তারকারা।
সূত্র আরও জানায়, বিয়ের পুরো আয়োজন অ্যানিস্টন সেরেছেন কঠোর গোপনীয়তার মধ্যে। বাড়ির পাশের এক খালি বাড়িতে বেশ কিছু দিন ধরে সাজসজ্জার জিনিসপত্র এনে রাখেন তিনি।
এমনকি আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই জানতেন না তাদের বিয়ের কথা। হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বাকিদেরকে অ্যানিস্টন জানিয়েছিলেন, থেরুর জন্মদিন উদযাপন করছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত একজন জানান, ৪৬ বছর বয়সী অ্যানিস্টনের মেইড অফ অনার হয়েছিলেন দীর্ঘদিনের বান্ধবী কর্টনি কক্স।
বিশেষ এই দিনে ছবি তোলার জন্যও এক বন্ধুকে দায়িত্ব দেন নবদম্পতি। তারকা ফটোগ্রাফার টেরি রিচার্ডসন ক্যামেরাবন্দি করেন তাদের বিশেষ মুহূর্তগুলো।
বিয়ের পর্ব শেষে নিজেদের প্রাইভেট জেট প্লেনে চড়ে বোরা বোরা দ্বীপে মধুচন্দ্রিমা কাটাতে বেরিয়ে পড়েছেন অ্যানিস্টন এবং থেরু।
৪৪ বছর বয়সী থেরুর এটি প্রথম বিয়ে হলেও অ্যানিস্টনের এটি দ্বিতীয় বিয়ে। অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ২০০৫ সালে তার বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সাল থেকে থেরুর সঙ্গে প্রেম করছিলেন তিনি।
