২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সালমানই গাড়ি চালাচ্ছিলেন - কোনো প্রমাণ নেই'

২০০২ সালে মুম্বাইয়ের গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হওয়া সালমান খান পাঁচ বছরের কারাদণ্ডাদেশের বিরূদ্ধে আপিল করেছেন উচ্চ আদালতে। মামলার শুনানিতে সালমানের আইনজীবী দাবি করেন, দুর্ঘটনার রাতে সালমানই গাড়ি চালাচ্ছিলেন - এমন কোনো প্রমাণ নেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 09:10 AM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বুধবার মুম্বাই হাইকোর্টে শুনানিতে সালমানের আইনজীবি বলেন, মামলায় গ্রহণ করা ২৭ জনের সাক্ষ্যে কোথাও বলা হয়নি সালমানই সে সময় বান্দ্রার হিল রোডে গাড়ি চালচ্ছিলেন। তিনি আরও বলেন, ঘটনার অন্যতম সাক্ষী কামাল খানের সাক্ষ্য ওই মামলায় গ্রহণ না করাটা ছিল ‘দুঃখজনক’। 

সালমানের আইনজীবী অমিত দেশাই আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত চিকিৎসক সানাপের জবানবন্দী মামলা চলাকালীন আনা হয়নি। এই ডক্টর সানাপই দুর্ঘটনায় নিহত নুরুল্লাহর লাশের ময়নাতদন্ত করেছিলেন। 

তিনি আরও বলেন, বাদীপক্ষ আরও একবার সে সময় সালমানের সঙ্গে থাকা তার দেহরক্ষী রাভিন্দ্রা পাতিলের জবানবন্দী উপস্থাপনের অনুমতি চায়, যিনি প্রথম এই মামলাটি দায়ের করেন। তবে পরে তিনি মারা যান। এছাড়া পাতিলের মামলা যে পুলিশ কর্মকর্তা গ্রহণ করেছিলেন, সেই রাজেন্দ্র কাদামের জবানবন্দী থেকেও এটা পরিস্কার যে, সে সময় ঘটনার অন্যতম সাক্ষী কামাল খানের জবানবন্দী নেওয়ার কোনো চেষ্টা করা হয়নি।

চলতি বছরের ৬ মে ২০০২ সালের গাড়িচাপা মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেয় মুম্বাইয়ের একটি নিম্ন আদালত। সালমান এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে এই রায়ে স্থগিতাদেশ আসে। এখন মামলাটির আপিলের শুনানি শুরু হয়েছে।