২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্ত্রীয় নাচকে সময়োপযোগী করে তুলতে হবে: মমতা শংকর

ঢাকায় এসেছেন ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী নৃত্যশিল্পী, নৃত্য নির্দেশক ও অভিনেত্রী মমতা শংকর। উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা আয়োজিত এক সপ্তাহের এক কর্মশালা পরিচালনা করতে এসেছেন তিনি। এক আলাপচারিতায় বললেন, এ প্রজন্মের নৃত্যশিল্পীরা ঐতিহ্য ভুলতে বসেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 08:57 AM

Updated : 12 Oct 2022, 04:08 PM

“পাশ্চাত্য নাচের বিভিন্ন ধারার বিরূপ প্রভাব পড়েছে ভারতীয় নৃত্যকলায়। এ প্রজন্মের নৃত্যশিল্পীরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা ভুলে পাশ্চাত্য ধারাতেই মজেছেন।”

কর্মশালার ফাঁকেই কথা হয় তাঁর সঙ্গে। বললেন,  “এপার বাংলা আর ওপার বাংলা, আমি খুব লক্ষ্য করে দেখেছি, এখানে এখন পাশ্চাত্যের ধারার প্রতিই নতুনদের আগ্রহ বেশি। তাদের সব আগ্রহই যেন পাশ্চাত্য নৃত্যে। আমি বলছি না, পাশ্চাত্য নাচ দেখো না। আমি বলবো, পাশ্চাত্য নৃত্য থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেদের ফর্মের সঙ্গে তা মিলিয়ে দেখো। নিজেরা নিজেদের মতো করে নতুন কিছু উপস্থাপন করো। একেবারেই নকল করা আমি সমর্থন করি না।”

মমতা শংকর মনে করছেন, বাঙালিরা পাশ্চাত্যের প্রতি এতই আগ্রহী যে, নিজেদের সংস্কৃতি ভুলে তারা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে রীতিমতো গবেষণা করছেন। তবে এতে শাস্ত্রীয় নৃত্য ঝুঁকিতে পড়ছে বলেও মনে করেন না তিনি। 

“শাস্ত্রীয় নৃত্য কখনও ঝুঁকির মধ্যে নেই। শাস্ত্রীয় নৃত্য চর্চার বিষয়। একে আলাদা সম্মান দিতে হবে। শাস্ত্রীয় নৃত্যকে দর্শকের কাছে পৌঁছে দিতে হলে সময়োপযোগী করে তুলতে হবে। এর বিশুদ্ধ ধারা বজায় রেখে নতুনভাবে উপস্থাপন করবেন কিভাবে, সেটাই এখন ভাবার বিষয়।”

ভারতীয় নৃত্যকলায় বেশ কটি ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এখানে এমন অদ্ভুত সুন্দর ধারা আছে, যার কথা অনেকে জানেনই না। উপজাতি জনগোষ্ঠীর নাচের ধারাও বেশ সমৃদ্ধ।”

ভারতীয় টিভিচ্যানেল জি বাংলার রিয়ালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স-’ এর শিশুদের আসরে বিচারকের ভুমিকায় তাকে দেখা গিয়েছিলো একবার। সেবারের পর আর কোনো রিয়ালিটি শোতে দেখা যায়নি তাকে। এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে তার অভিযোগ, “অনুষ্ঠান প্রযোজকের শেখানো বুলিই বিচারককে আওড়াতে হয়।”

“আমি জি বাংলার সেই শোতে গিয়ে বলেছিলাম, আমার কোনো কথা কাটা যাবে না। আমি যা বলবো, তাই প্রচার করতে হবে। এক শিশু প্রতিযোগীর নাচের পর আমি তার কোরিওগ্রাফারের কাজ নিয়ে সন্তুষ্ট হলাম না। আমি কড়া ভাষাতেই তাকে বলে ফেললাম। কিন্তু এরপরই ছুটে এলো অনুষ্ঠানের লোকজন। তারা এসে বলল, কোরিওগ্রাফারদের নাকি কিছু বলা যাবে না। আমি খুব অবাক হলাম।”

মমতা শংকর জানান, শুক্রবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে তিনি তার বাবা কিংবদন্তী নৃত্যশিল্পী উদয় শংকরকে নিয়ে বক্তব্য রাখবেন। শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে তার কর্মশালার শিক্ষার্থীরা পারফর্ম করবেন। তাদের সঙ্গে যোগ দেবেন মমতার ড্যান্স কোম্পানির সদস্যরাও।

৬০ বছর বয়সী মমতা ১৯৭৬ সালে মৃণাল সেন অভিনীত ‘মৃগয়া’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষিক্ত হন। অভিনয় করেছেন ‘দুরত্ব’. ‘একদিন প্রতিদিন’, ‘গৃহযুদ্ধ’, ‘গণশত্রু’, ‘আগন্তুক’, ‘দহন’, ‘দ্য বং কানেকশান’, ‘বালিগঞ্জ কোট’, ‘আবহমান’, ‘জানি দেখা হবে’, ‘জাতিস্মর’সহ বেশ কটি দর্শকনন্দিত সিনেমাতে।

ছবি--- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম