শীর্ষ ১০ পারিশ্রমিক প্রাপ্ত তারকার তালিকায় সালমান-অমিতাভ-আক্শায়
ভারতীয় অভিনেতা সালমান খান, অমিতাভ বচ্চন এবং আক্শায় এবার উঠে এলেন মার্কিন সাময়িকী ফোর্বসের বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে। গত বছরও ৩ কোটি ৩৫ লাখ ডলার বাৎসরিক আয় নিয়ে ফোর্বসের এই তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ছিলেন সালমান ও অমিতাভ।
৫০ বছরের ক্যারিয়ারে দেড়শর বেশি সিনেমায় অভিনয় করা অমিতাভ বচ্চন ২০১৪ সালে ‘ভূতনাথ রিটার্নস’ থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন। ওদিকে ১৯৮৯ সালে অভিষেক হওয়া সালমান খান গত বছর বক্স-অফিস মাতিয়েছেন ‘কিক’-এর মতো ব্লকবাস্টার হিট সিনেমা দিয়ে।
তালিকায় ৩ কোটি ২৫ লাখ ডলার আয় নিয়ে নবম স্থানে আছেন আকশায় কুমার। দুই কোটি ৬ লাখ ডলার আয় নিয়ে ১৮তম স্থানে রয়েছেন শাহরুখ খান। শাহরুখকে ভারতের লিওনার্দো ডি ক্যাপ্র্রিও অভিহিত করে ফোর্বস উল্লেখ করেছে, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ফ্যান’ এবং পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করে তিনি এই পরিমাণ অর্থ আয় করেছেন।
তালিকায় ৩০ তম স্থানে আছেন রানবির কাপুর। চলতি বছরে মুক্তি পাওয়া তার দুই সিনেমা ‘রয়’ এবং ‘বম্বে ভেলভেট’-এর জন্য গত বছর দেড় কোটি ডলার আয় করেছেন তিনি।
তালিকার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন ‘আয়রন ম্যান’ খ্যাত মার্কিন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। ৮ কোটি ডলার বাৎসরিক আয় নিয়ে এই অবস্থানে এসেছেন তিনি। অন্যদিকে ৫ কোটি ডলারে বাৎসরিক আয় নিয়ে বিস্ময়করভাবে এই তালিকায় উঠে এসেছেন চীনা তারকা জ্যাকি চ্যান।
শীর্ষ দশে এই তালিকার বাকিরা অবশ্য মার্কিন অভিনেতাই। তৃতীয় স্থানে ভিন ডিজেল, চতুর্থ স্থানে ব্র্যাডলি কুপার, পঞ্চম স্থানে অ্যাডাম স্যান্ডলার, ষষ্ঠ স্থানে টম ক্রুজ এবং দশম স্থানে আছেন মার্ক ওয়ালবার্গ।
