২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে থেকে যাওয়ার অনুমতি পেলেন আদনান সামি

হিন্দি গানের জগতে নিজের পাকাপোক্ত আসন গড়ে নিয়েছেন পাকিস্তানি গায়ক আদনান সামি। এবার ভারত সরকারের অনুমতি নিয়ে দেশটিতে নিজের থাকাটাও অনির্দিষ্টকালের জন্য বৈধ করে নিলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 06:30 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

‘কাভি তো নাজার মিলা’ খ্যাত এই গায়কের জন্ম লাহোরে। ২০০১ সালের মার্চে পাকিস্তান থেকে ভারতে পযর্টক ভিসা নিয়ে আসেন তিনি। এরপর হিন্দি গানের অ্যালবাম বের করে খ্যাতির শীর্ষে আরোহন করার পথে অনেক বার ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। তবে তার ২০১০ সালে তৈরি করা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় চলতি বছর। পাকিস্তান সরকার তার পাসপোর্টের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়ে ভারত সরকারের কাছে হাত পাতেন তিনি। মানবিক দিক বিবেচনা করে দেশটিতে তার থাকায় বৈধতা প্রদানের জন্য আবেদন করেন।

আদনান সামির এই আবেদনে সাড়া দিয়েছে ভারত সরকার। মে মাসের ২৬ তারিখে করা ওই আবেদনের ভিত্তিতে ৪৬ বছর বয়সী এই গায়ককে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ভারত থেকে বিতাড়িত না করার আদেশ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে এখন পাসপোর্ট না থাকলেও ভারতে অনির্দিষ্ট কালের জন্য বৈধভাবে থাকার অনুমতি পেয়ে গেলেন এই তারকা।