দুর্ধর্ষ বন্ড, অনন্যা বন্ড গার্ল
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা ‘স্পেকটার’ এর দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে। নতুন এই ট্রেইলারে মনিকা বেলুচ্চির সঙ্গে ড্যানিয়েল ক্রেইগের রসায়ন এবং অবশেষে স্পেকটার নামের সন্ত্রাসী সংগঠনের মুখোশ খুলে ফেলার পথে জেমস বন্ডের অভিযাত্রাকে তুলে ধরা হয়েছে।
আড়াই মিনিটের একটু বেশি লম্বা এই ট্রেইলারের শুরুতেই দেখা যায়, বন্ডের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সরকারের উচ্চ মহল থেকে। এরপর বন্ড নতুন এক অভিযানে পাড়ি জমায় মেক্সিকো সিটিতে। সেখান থেকে সে চলে যায় রোমে। এখানে তার সঙ্গে দেখা হয় কুখ্যাত এক সন্ত্রাসীর বিধবা লুসিয়া সিয়ারার সঙ্গে। এই চরিত্রেই অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তিনিই হলেন প্রথম বন্ড গার্ল, যার বয়স পঞ্চাশের উপরে।
লুসিয়ার সাহায্যেই বন্ড হাজির হয় সন্ত্রাসি সংগঠন স্পেকটারের গোপন আস্তানায়। সেখানেই দেখা যায় সিনেমার মূল খলনায়কের চরিত্রে রূপদানকারী ক্রিস্তফ ওয়াল্টজকে।
সিনেমায় আরেক বন্ড গার্লের ভূমিকায় অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী লিয়া সেড্যু। তার চরিত্রটি সাবেক এক অপরাধীর মেয়ের, যাকে খোঁজার অভিযানে নামে গোটা এমআইসিক্স।
স্যাম মেন্ডজ পরিচারিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন র্যাল্ফ ফিয়েন্স, নাওমি হ্যারিস। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৬ নভেম্বর।
