Published : 09 Jul 2025, 11:03 AM
বলিউডের অভিনেতা রাণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার লুক টিজার প্রকাশের পর, আলোচনায় একটি নাম, তা হল ‘সারা অর্জুন’।
যিনি ভারতীয় দক্ষিণী সিনেমার একজন অভিনেত্রী। এবার ‘ধুরন্ধরে’ তার দেখা মিলছে।
ইন্ডিয়া টুডে লিখেছে, সারাকে নিয়ে তোলপাড়ের কারণ হল, রাণবীরের সাথে তার বয়সের বিরাট পার্থক্য। রাণবীর পা দিয়েছেন চল্লিশে; আর সারা এই নায়কের চেয়ে ২০ বছরের ছোট।
অনেকে বলছেন, রাণবীর সালমান খানের পথ অনুসরণ করছেন। এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমায় সালমান জুটি বাঁধেন তার চেয়ে ৩১ বছরের ছোট রাশমিকা মানদানার সঙ্গে।
সারা অভিনেতা জয় অর্জুনের কন্যা। ২০ বছর বয়সী সারা শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন দক্ষিণে। কাজ করেছেন বিজ্ঞাপনেও।
তার সিনেমা যাত্রা শুরু ২০১১ সালে, তামিল সিনেমা ‘দেইভা থিরুমঙ্গলম’ দিয়ে। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইড’ সিনেমাতেও সারা অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া ‘৪০৪’ নামের একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন সারা।
‘ধুরন্ধর’ সিনেমায় রাণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তার চরিত্রটি ঠিক কী, তার আভাস মেলেনি।
আদিত্য ধর পরিচালতি ‘ধুরন্ধর’ মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।
প্রযোজনা প্রতিষ্ঠান বলছে ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কখনো সামনে আসেনি। যাদের ঠাঁই হয়নি ইতিহাসের পাতায়। সেই সব নাম না জানা নায়কদের গল্প উঠে আসবে ধুরন্ধরের কাহিনীতে।