Published : 01 Oct 2025, 07:46 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরো চারজন সদস্য।
আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র্যাচেল প্যারিস বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) কাছে পদত্যাগপত্র জমা দেন।
আজাদ আবুল কালাম ও সামিনা লুৎফার পদত্যাগপত্রের কপি দেখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউদ্দিন স্টালিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের পদত্যাপত্র পেয়েছি। আমি যথানিয়মে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।"
আজাদ আবুল কালাম পদত্যাগপত্রে লিখেছেন, "পরিষদকে সম্পূর্ণ অকার্যকর রেখে ব্যক্তির স্বেচ্ছাচারিতা চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদের রক্তের প্রতি সবচেয়ে বড় অবিচার হিসেবে দেখছি। বেআইনিভাবে শিল্পকলা যতদিন চলেছে, ততদিনের কোনো কর্মকাণ্ডের দায়ভার আমি নেব না, কারণ পরিষদকে ইচ্ছাকৃতভাবে পাশ কাটানো ও অকার্যকর রাখা হয়েছে।"
আরও পড়ুন:
শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন
এবার শিল্পকলার পরিষদ থেকে আলতাফ পারভেজের পদত্যাগ
আর সামিনা লুৎফা লিখেছেন, "শিল্পকলা একাডেমির কার্যক্রম আইনানুযায়ী পরিচালিত হচ্ছে না। কাজেই বেআইনি কাজের সাথে আমি নিজেকে যুক্ত রাখতে ইচ্ছুক নই।"
তিনিও পরিষদকে ‘ইচ্ছাকৃতভাবে পাশ কাটিয়ে অকার্যকর রাখা’র অভিযোগ করেছেন; বলেছেন,
‘বেআইনিভাবে’ শিল্পকলা যতদিন চলেছে, ততদিনের কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি নিতে চান না।
গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।
গত বছরের ১৭ অক্টোবর শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ এর ৫(১) উপধারা অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত পরিষদে সদস্য মনোনীত হন ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র্যাচেল অ্যাগনেস প্যারিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, লেখক-গবেষক আলতাফ পারভেজ।
এছাড়া ঢাকা বিভাগ থেকে মনোনীত হন আজাদ আবুল কালাম, চট্টগ্রাম বিভাগ থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী বিভাগ থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল বিভাগ থেকে দেবাশীস চক্রবর্তী, সিলেট বিভাগ থেকে শামসুল বাসিত শেরো, রংপুর বিভাগ থেকে ইফতেখারুল আলম রাজ। ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তিকে সদস্য মনোনীত করা হয়।
বিগত নয় মাসে পরিষদের সভা হয়েছে মাত্র একবার, সৈয়দ জামিল আহমেদ থাকাকালে। মহাপরিচালক পদ থেকে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের মত ঘটনার পরও পরিষদের সভাপতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কোনো সভা ডাকেননি।
গত জুলাই মাসের প্রথম সপ্তাহে শিল্পকলার চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান পদত্যাগ করেন, আর জুলাইয়ের শেষ সপ্তাহে শিল্পকলার পরিষদ থেকে পদত্যাগ করেন লেখক-গবেষক আলতাফ পারভেজ।
শিল্পকলা আইনের ৪ নম্বর ধারায় (সাধারণ পরিচালনা বিষয়ে) বলা আছে, একাডেমির সাধারণ পরিচালনা ও প্রশাসন একটি পরিষদের উপর ন্যস্ত থাকবে এবং পরিষদ সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কাজ করতে পারবে, যা একাডেমি কর্তৃক প্রযুক্ত ও সম্পন্ন হতে পারে।
এই পরিষদ গঠিত হওয়ার পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর পরিষদের ১২৫তম সভা হয়। এরপর আর কোনো সভা হয়নি।
শিল্পকলা একাডেমি আইনের ১২(১) উপধারা অনুযায়ী, পরিষদ প্রতি তিন মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি নির্ধারণ করবেন।
কিন্তু তা না হওয়ায় 'আইনগত ব্যত্যয়' হয়েছে অভিযোগ করে 'শংকিত ও ক্ষুব্ধ' বোধ করার কথা বলেছেন আজাদ আবুল কালাম।
তিনি বলেন, "নিয়মানুযায়ী গত ১৮ মার্চের মধ্যে পরিষদের ১২৬তম সভাটি হবার কথা থাকলেও এ পর্যন্ত সে সভাটি অনুষ্ঠিত হয়নি, যা আইনের গুরুতর লংঘন।
আরও পড়ুন:
শিল্পকলায় এবার চারুকলার পরিচালকের পদত্যাগ
অভিভাবকহীন শিল্পকলা, পরিষদও নিষ্ক্রিয়
"শিল্পকলা একাডেমি কীভাবে পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই বা জানানোও হয়নি। অথচ আইনানুযায়ী পরিষদের সদস্য হিসেবে গৃহীত সকল সিদ্ধান্তের দায় আমার উপরও বর্তায়।"
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদাধিকার বলে শিল্পকলা পরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন।
পরিষদে সহসভাপতি হিসেবে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। পদাধিকার বলে সদস্য হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), অর্থ বিভাগের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার)।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, সরকারি সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব/উপসচিব (অধিশাখা-৭) পদাধিকার বলে সদস্য হিসেবে আছেন।
আগের খবর
প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র দিলেন শিল্পকলার ডিজি
প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র, চার শর্ত মানলে ফিরবেন জামিল আহমেদ
শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন
শিল্পকলায় পরিচালক পদেও রদবদল: মন্ত্রণালয় বলছে 'নতুন অধ্যায়ের সূচনা'
শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিত ও জামিল আহমেদকে ফেরানোর দাবি