Published : 07 Feb 2026, 05:36 PM
যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন;তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়িতে এ শিল্পীর মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গবেষক আমিনুর রহমান সুলতান।
তিনি বলেন, "মিলন কান্তি দে কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।"
মিলন কান্তির সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বিকাল ৫টা পর্যন্ত পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আমিনুর রহমান সুলতান।
মিলন কান্তি দে চট্রগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর।
তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।
শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার দ্বৈত সম্মিলন ঘটেছে মিলন কান্তি দের। আমৃত্যু তিনি শিল্পীসত্তা ও লেখকসত্তাকেও ক্রিয়াশীল রেখেছেন।
তার প্রকাশিত রচনার সংখ্যা প্রায় দেড় শতাধিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে পড়িয়েছেন।
যাত্রাশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ যাত্রা ব্যক্তিত্ব (১৯৯৩) ও বিশেষ যাত্রাশিল্পী সম্মাননা (২০২৩)।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও (২০২২) আছে তার ঝুলিতে। এছাড়া ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার’ (১৯৮৬), অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক, আন্তর্জাতিক ইবসেন অ্যাডওয়ার্ড (২০০৯), নাট্যচক্র সম্মাননা (২০১৬), প্রত্যয় শিল্প ও সাংস্কৃতিক একাডেমি চট্টগ্রাম সম্মাননাও (২০২২) পেয়েছেন তিনি।