২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রহস্যময় এক চরিত্র নিয়ে মঞ্চে আসছে ‘ক্যাফে দ্য ভলতে’

বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রথমবারের মত মঞ্চস্থ হতে যাচ্ছে 'ক্যাফে দ্য ভলতে’।

রহস্যময় এক চরিত্র নিয়ে মঞ্চে আসছে ‘ক্যাফে দ্য ভলতে’
‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের পোস্টার। ছবি: হান্ট থিয়েটারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 11:28 AM

Updated : 26 Aug 2026, 02:36 PM

এক অভিজাত ক্যাফেতে রহস্যময় চরিত্র ম্যাক্স ডি রোজারিওকে ঘিরে মঞ্চে আসছে নতুন নাটক ‘ক্যাফে দ্য ভলতে’। হান্ট থিয়েটারের প্রযোজনায় নতুন এই নাটকটি প্রদর্শিত হবে দুদিন। 

‘ক্যাফে দ্য ভলতে’ নাটকটির মূলভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়না ম্যারেলিন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রথমবারের মত মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ক্যাফে দ্য ভলতে’।   

নাটকে দেখা যাবে, ম্যাক্স ডি রোজারিও এক কামেল শেইফ। তিনি বাঙালি ক্রিশ্চিয়ান। তার রেস্টুরেন্ট ‘ক্যাফে দ্য ভলতে’। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স জিঞ্জিরা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ম্যাক্স বদলা চায় না। চায় না ইনসাফ কায়েম করতে। শুধু ম্যাক্সের হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। তাহলে কেন নিরস্ত্র দিনক্ষণে এই সশস্ত্র ক্যু, সেসব উত্তর জানাবে এই নাটক। 

‘ক্যাফে দ্য ভলতে’ নাটকটির চিত্রনাট্য করেছেন আবিদ হাসান ও সংলাপ যোজনা তানভীর চৌধুরী। আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জোরোম মধু ও রূপসজ্জায় জোয়ান্না সূচনা।

নাটকটিতে মঞ্চে দেখা যাবে মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খুরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদারকে।