শর্মিলার এই কন্যা ঘর বাঁধলেন না কেন?
অভিনয়জগতে না এসে সাবা বেছে নিয়েছেন গয়না ডিজাইনের পেশা।
বলিউডের ‘স্বপ্নের রানি’ শর্মিলা ঠাকুরের পথ অনুসরণ করে অভিনয়ে এসেছেন তার দুই ছেলেমেয়ে সাইফ আলি খান ও সোহা আলি খান; তবে অভিনেত্রীর আরেক মেয়ে থাকেন নিভৃতে।
তিনি সাবা পাতৌদি; ৫০ বছর বয়সী এই নারী বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। সাইফ ও সোহা বিয়ে করে নিজেদের সংসার পাতলেও সাবা এখনও অবিবাহিত।
সম্প্রতি নেহা ধূপিয়া এবং অঙ্গদ বেদীর সঙ্গে কথোপকথনে সাবা বলেছেন কেন তিনি এখনো ঘর বাঁধেননি।
তিনি বলেন, “আমার কখনও কোনও প্রেমিক ছিল না। ১৮-১৯ বছর বয়স থেকেই আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল। কিন্তু কাউকেই বিয়ে করিনি।
“১৯ বছর বয়সে কলকাতার এক পাত্রের সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। তখন আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।”
এর পরেও বিয়ে নিয়ে তার আপত্তি ছিল না। কিন্তু নিজের মনের মতো সঙ্গী আর খুঁজে পাননি বলেই সংসার করা হয়ে ওঠেন সাবার।
তার কথায়, “আমি এমন কাউকে পাইনি, যার সঙ্গে সত্যিই মানিয়ে নেওয়া যায়।”
মা এবং ভাইবোনদের মত অভিনয়জগতে না এসে তিনি বেছে নিয়েছেন গয়না ডিজাইনের পেশা। এ ছাড়া তিনি ‘ট্যারো রিডার’ এবং ‘স্পিরিচুয়াল হিলার’ হিসাবেও পরিচিত।
শর্মিলা ঠাকুর এবং প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খানের তিন সন্তানের মধ্যে সাইফ পুরোদস্তুর অভিনেতা। নিয়মিত না হলেও সোহা আলী খান অভিনয়ে আছেন; তবে তিনি কাজ করেন বেছে বেছে।
সাইফের স্ত্রী বলিউডের প্রভাবশালী কাপুর পরিবার মেয়ে কারিনা কাপুর।
