১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মরুভূমি থেকে ফোন করে ব্ল্যাকপিংকের রোজ কাদের ডাকছেন

দুই বছর আট মাস পর নতুন গান নিয়ে ফিরতে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দলটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 08:23 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

দক্ষিণ কোরিয়ার মেয়েদের মিউজিক দল ‘ব্ল্যাকপিংকের’ গান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরের দিনতারিখ ঠিক হয়েছে।

যে ট্যুরে দীর্ঘদিন পর রোজ, জেনি কিম, লিসা, জিসুদের নতুন গান আসছে। আর সেই ভ্রমণ শুরুর খবর তারা দিয়েছে একটি টিজার প্রকাশ করে।

দ্য কোরিয় টাইমস লিখেছে, দুই বছর আট মাস পর নতুন গান নিয়ে ফিরতে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দলটি। 

আর ‘ডেডলাইন’ নামের এই ওয়ার্ল্ড ট্যুরের টিজার ভিডিও প্রকাশ করেছে ব্ল্যাকপিঙ্কের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়াইজি এন্টারটেইনমেন্ট’।

ভিডিওতে দেখা যায়, মরুভূমির মধ্যে রোজ একটি ফোন বুথ থেকে কাউকে ফোন করছেন। এরপর একে একে লিসা, জেনি ও জিসু এসে তার সঙ্গে যোগ দেন। 

এরপর একটি গাড়িতে চেপে চারজন মিলে রওনা দেন এক রোড ট্রিপে। ওয়েস্টার্ন সিনেমার ট্রেইলারের আমেজ ধরা হয়েছে ভিডিওতে।

ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার ও হলিউডের স্টুডিওতে ভিডিওটি শুট করা হয়েছে বলে জানিয়েছে ওয়াইজি এন্টারটেইনমেন্ট। এই ভিডিওটি নির্মাণে কয়েকজন খ্যাতিমান পরিচালকেরা কাজ করেছেন।

 ‘ডেডলাইন’ ট্যুরের প্রথম কনসার্ট হবে ৫ ও ৬ জুলাই সিউলের কাছের গোইয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে। এই কনসার্টেই প্রথমবারের মত শোনা যাবে ব্ল্যাকপিঙ্কের নতুন গান।

এরপর ব্ল্যাকপিংক বিশ্বের ১৬টি শহরে তাদের ভক্ত শ্রোতাদের গান শোনাবে।

গত কয়েক বছরে দলের রোজ, জেনি কিম, লিসা, জিসুরা একক গান গেয়েছেন, কেউ কেউ অভিনয়েও মনোযোগী হয়েছেন। কিন্তু একসঙ্গে গান বাঁধেননি তারা।

মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’।

তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি।

এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে।

২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।

তাদের সর্বশেষ সাফল্য হল যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করা। এ দলের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের।

ভিন্নধর্মী গায়কী ও নাচের তালে মাত্র কয়েক বছরেই তরুণ শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছে ব্ল্যাকপিংক। ইউরোপ থেকে এশিয়া, গানের উন্মাদনায় শ্রোতাদের বুঁদ করে রেখেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ডটি।

২০২২ সালে টাইম ম্যাগাজিনের ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল।

ব্ল্যাকপিংকের ভক্তদের বলা হয় ‘ব্লিংক’।

আরও পড়ুন:

নতুন গান নিয়ে ফিরছে ব্ল্যাকপিংক

ব্ল্যাকপিংক যাচ্ছে বিশ্বভ্রমণে

ব্ল্যাকপিংকের জিসুর নতুন গান আসছে ভালোবাসা দিবসে 

লন্ডন মাতালো ব্ল্যাংকপিংক

ক্যাবারে নেচে ওয়েইবোতে নিষিদ্ধ ব্ল্যাকপিংকের লিসা

কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক যাচ্ছে সৌদি আরবে

টাইমের 'এন্টারটেইনার অব দা ইয়ারব্ল্যাকপিংক

'বিটিএস'-এর ইউটিউব রেকর্ড এখন ব্ল্যাকপিংকের দখলে