Published : 23 Jul 2025, 07:09 PM
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শিল্পীদের ‘দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানোর পর এবার অভিনেতা আরশ খান উপদেষ্টাদেরও ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানিয়েছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিল্পীদের কেউ কেউ ‘ভুল তথ্য’ ছড়াচ্ছেন মন্তব্য করে মঙ্গলবার রাতে ফেইসবুকে একটি পোস্ট দেন ফারুকী।
তিনি বলেন, “জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে। এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।”
তবে শিল্পীদের মধ্যে কারা এই ভুল তথ্য ছড়াচ্ছেন, তাদের নাম বলেননি উপদেষ্টা।
উপদেষ্টার এমন পোস্টের পর অভিনেতা আরশ খান নিজের ফেইসবুকে লেখেন, “জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।”
উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরশ খান লেখেন, “মাননীয় উপদেষ্টা। বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন- উনারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া ইনফরমেশন সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সঙ্গে মিলছে না। তাই আমরা ধোয়াশার মধ্যে আছি।
“ভুলবসত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কিনা, এসব তদন্ত পরে করে দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেনো ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে।”
এ বিষয়ে আরশ খানকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দায়িত্বশীল উপদেষ্টারা সঠিক তথ্য দিচ্ছেন না বলেই তো বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা যদি ঠিকমতো নিজের কাজটি করতেন, তাহলে তো এ বিভ্রান্তি ছড়াত না।
“পুরো দেশের মানুষ গভীর উদ্বেগ থেকে ফেইসবুকে নানা রকম তথ্য শেয়ার করছেন। সরকারের উচিত সঠিক তথ্য জানানো। এজন্য বলেছি জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।”
আগের খবর