১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে: ফারুকী

“দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না,” বলেন তিনি।

জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে: ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 06:54 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিল্পীদের কেউ কেউ ‘ভুল তথ্য’ ছড়াচ্ছেন বলে ভাষ্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। 

তবে শিল্পীদের মধ্যে কারা এই ভুল তথ্য ছড়াচ্ছেন, তাদের নাম বলেননি তিনি।

ফারুকী বলেন, “জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে। এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।”

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সার্ধশতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। 

এ দুর্ঘটনার পরদিন গভীররাতে ফারুকী ফেইসবুকে লেখেন, “আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং “মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না”! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশী শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।

“ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।”

মাইলস্টোনের ক্লাসে কারা ছিলেন, কারা প্রাণ হারিয়েছেন, কারা চিকিৎসাধীন- তার সবই ‘নথিবদ্ধ আছে’ মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।”