১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাওয়া পশ্চিমবঙ্গ-ত্রিপুরার ৩৪ সিনেমা হলে

৩০ ডিসেম্বর ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যেও মুক্তি পাবে বাংলাদেশের সিনেমাটি।

হাওয়া পশ্চিমবঙ্গ-ত্রিপুরার ৩৪ সিনেমা হলে

বারাকপুরের অমলা প্রেক্ষাগৃহে চলছে হাওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 01:48 PM

Updated : 17 Dec 2022, 03:05 PM

বাংলাদেশের এ সময়ের আলোচিত চলচ্চিত্র হাওয়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের ৩৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শন হচ্ছে।

শুক্রবার বাণিজ্যিকভাবে সেখানে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের নির্মিত সিনেমাটি।

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে সিনেমাটি। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় ‘হাওয়া’ সিনেমাটি দেখতে নন্দনে ভিড় জমান দর্শকরা। অনেকে টিকিট না পেয়ে ফিরে গেছেন বলে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে।

মাসখানেক আগে এই নন্দনে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ প্রথম প্রদর্শিত হয়েছিল ‘হাওয়া’। তখন দর্শকের আগ্রহের কারণে আয়োজকেরা প্রদর্শনী বাড়াতে বাধ্য হয়েছিলেন। সেই নন্দনে ফের হাওয়া সিনেমাটি প্রদর্শিত হল এবং এবারও দর্শকের উপচেপড়া ভিড়।

‘হাওয়া; নির্মাতা মেজবাউর রহমান সুমন এখন কলকাতায় অবস্থান করছেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৬ই ডিসেম্বর, শুক্রবার পশ্চিমবঙ্গের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হাওয়া’।" 

“৩০ ডিসেম্বর থেকে ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যেও সিনেমাটি মুক্তি পাবে। ভারতের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সে দেশে সিনেমাটির প্রদর্শনের দায়িত্বে রয়েছে।”

Image

কলকাতার সিনেপলিসে হাওয়াও চলছে

হাওয়া সিনেমায় চান মাঝির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনিও কলকাতায় অবস্থান করছেন। তবে চঞ্চলের এবারের কলকাতায় যাওয়া বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য গৌরব বয়ে এনেছে। 

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অরিজিং সিং, রানী মুখার্জিদের সঙ্গে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়ে অংশ নেন চঞ্চল চৌধুরী।

বৃহস্পতিবার উদ্বোধনী পর্বে চঞ্চল অংশ নেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যমেও চঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

Image

হাওয়া সিনেমা চলছে পশ্চিমবঙ্গের ৩৪টি প্রেক্ষাগৃহে

গত ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাওয়া’। মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটক মাঝিমাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। 

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

৯৫তম অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘হাওয়া’। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। 

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।