১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকেলে গাইবেন ‘গানওয়ালারা’

কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৪টায়; শেষ হবে রাত সাড়ে ৮টায়।

বিকেলে গাইবেন ‘গানওয়ালারা’
‘গানওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টের পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 11:46 AM

Updated : 26 Aug 2026, 10:50 AM

অনেক শিল্পী আছেন যারা নিজের লেখায় নিজেই সুর বেঁধে সেটি কণ্ঠে তুলে নেন। দেশের তেমন কয়েকজন গায়ক ও গীতকার দর্শকদের সামনে আসছেন ‘গানওয়ালাদের গান’ শিরোনামে। 

শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারের দ্য অ্যাটেনশন নেটওয়ার্কে কনসার্টটির আয়োজন করেছে গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’। 

প্রতিষ্ঠানের কর্ণধার ও গায়ক জয় শাহরিয়ার গ্লিটজকে বলেন, "প্রথমবারের মত গায়ক-গীতিকারদের নিয়ে এমন আয়োজন হতে যাচ্ছে। আমরা ভালো সাড়া পাচ্ছি।”

‘গানওয়ালাদের গান’ কনসার্টে অনুষ্ঠানের আয়োজক শাহরিয়ারসহ আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী লিমন, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, সুহৃদ স্বাগত ও ব্যান্ড 'কাকতাল'।

কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৪টায়; শেষ হবে রাত সাড়ে ৮টায়। 

জয় শাহরিয়ারও নিজের লেখা গানে সুর দিয়ে গেয়ে থাকেন। তার অনেকদিনের পরিকল্পনা ছিল দেশের গায়ক-গীতিকারদের দর্শকদের সামনে মঞ্চে নিয়ে আসার। সেই ভাবনা থেকে এই কনসার্টের আয়োজন করেছেন তিনি।

শাহরিয়ার গ্লিটজকে বলেন, “দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল সিঙ্গার-সং রাইটারদের এক মঞ্চে নিয়ে আসার। সেই পরিকল্পনা থেকেই এই আয়োজন। আমাদের গানে সিঙ্গার-সং রাইটারদের বিচরণ অনেক আগে থেকেই। আর এই শিল্পীদের খুঁজে আমরা তাদের নাম দিয়েছি গানওয়ালা।"

জয়ের ভাষ্য, "গানওয়ালারা কিন্তু নিজেদের মত করেই থাকেন। একটু আড়ালে থাকেন, নিজের গান নিজেই লিখেন। তাদের আলাদা কিছু দর্শন থাকে।

“আমিও নিজের গান নিজেই লিখি। তাই এই বিষয়টি অনুভব করতে পারি। আশা করছি এই আয়োজনে আমরা সাতজন দর্শক শ্রোতাদের একটি সুন্দর সময় উপহার দিতে পারব।"

কনসার্টের টিকেট পাওয়া মিলেছে গেট সেট রক ওয়েবসাইটে।

টিকেট নিয়ে শাহরিয়ার বলেন, “দুই ক্যাটাগরিতে টিকেট ছিল, গোল্ড টিকেট সোল্ড আউট, অল্প কিছু প্লাটিনাম টিকেট আছে, সেটাও সোল্ড আউট হয়ে যাবে বলে আশা করছি।"  

পূর্বের খবর

'গানওয়ালাদের গান' আসছে গায়ক-গীতিকারদের নিয়ে