Published : 20 Mar 2026, 12:20 PM
দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ঈদে মুক্তি পেতে চলা শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার আইটেম গান গেয়েছেন তিনি।
এই গানে রুনা লায়লার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান। ফেইসবুকে এ তথ্য প্রীতম হাসান নিজেই জানিয়েছেন।
এই গানের সংগীত আয়োজনও করেছেন প্রীতম। গানের পেছনের গল্প ও রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন প্রীতম।
গান রেকডিংয়ের সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রীতম হাসান লেখেন, “প্রায় তিন মাস আগে, শাকিব ভাই আর প্রিন্স টিম থেকে একটা ড্যান্স ট্র্যাকের কথা আসে। আমি একটা ফঙ্ক+হাউস/ইলেকট্রো ভাইবের ড্রাফট বানিয়ে রুনা লায়লা ম্যামকে বললাম যে তার ভয়েসটা এই জায়গায় পারফেক্ট বসবে। সাথে এটাও বলেছিলাম, আমি এটা একজন সিনিয়র কারও সঙ্গে ডুয়েট হিসেবে ভাবছি।
“ম্যাম একটু থেমে বললেন, “তুমিই গেয়ে ফেল?” আমি ৫ সেকেন্ড চুপ, একদম শকড। তারপর বললাম, “ম্যাম, আপনি যেহেতু বলছেন, এই গান এখন আমিই গাবো, আর কাউকে দেব না।” আমরা দুজনেই হেসে ফেললাম।”
কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন প্রীতম। তার ভাবনায় ছিল নতুন এমন কিছু করার যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়।
প্রীতম লিখেছেন, “তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। গত কয়েক বছরে যখনই রুনা লায়লা ম্যামের সঙ্গে দেখা হয়েছে, আমি সব সময় একটা কথাই বলেছি, ‘ম্যাম, যেহেতু আপনি গাইবেন, আপনার জন্য নতুন কিছু করতে হবে, যেটা আগে কখনো করিনি; আমাকে আরেকটু সময় দিন।’ ম্যামের গানের ইতিহাসের ক্যাটালগ যদি দেখি, ম্যাম বরাবরের মতোই এমন কাজ করেছেন যেগুলো সব সময় এক্সেপশনাল, তাই আমারও মনে হয়েছে, আমাকে এমন কিছু একটা করতে হবে।”
প্রীতমের কথায় রুনা লায়লা কেবল একজন শিল্পী নন, এই উপমহাদেশে একটি প্রতিষ্ঠানও।
“আর উনি এখনো অনেক অনেক আধুনিক এবং ভিন্ন কাজ করেন, তাই আমার এই গানের এক্সপেরিমেন্টেও উনি ‘ইয়েস’ বললেন।”
রুনা লায়লার সঙ্গে এই কাজটি করে নিজেকে সৌভাগ্যবান বলেছেন প্রতীম।
পরিচালক আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। এখানে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। আরও আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।
সিনেমাটি ‘এ’ ক্যাটাগরিতে সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ এই সিনেমাটি প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য ছাড়পত্র পেয়েছে।