Published : 17 May 2026, 02:30 AM
বছরখানেক আগে মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে নিয়ে নির্মাতা আকা রেজা গালিব যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছিলেন সেটি মুক্তি পেতে যাচ্ছে।
তবে ওয়েব ফিল্মটির নাম বদলে গেছে। 'সারার সংসার' নামে প্রচারে আসছে সিনেমাটি।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে 'সারার সংসার'।
নির্মাতা গালিব গ্লিটজকে বলেন, "আমরা বেশ সময় নিয়ে দারুণভাবে নির্মাণ করেছি৷ দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে এমনটাই প্রত্যাশা আমার।"
সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে।
নির্মাতা আরও বলেন, "সিনেমায় কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে।"
গালিব বলেছেন পুরোটাই পারিবারিক গল্পে, থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে।

তিনি বলেন, “মা ও মেয়ের গল্প। মেয়ের উপর একটা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে মেয়েকে উদ্ধার করতে মায়ের ভূমিকা। নানা বাঁধা অতিক্রম করে মেয়েকে বাঁচানোর গল্প দেখানো হবে।"
সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌ। তাকে ঘিরেই এই চরিত্রটি ভাবা হয়েছে। মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানিয়েছেন গালিব।
“মৌ বেশ প্রফেশনাল, তার সঙ্গে কাজ করা যে কোনো পরিচালকের জন্য একটা ভালো সুযোগ। ঠিক সময়ে রেডি হয়ে শুটিংয়ে আসা, চরিত্রটা বোঝা, যা যা দরকার তার থেকে বেশি চেষ্টা করা। কাজটা বেশ ভালো হয়েছে, আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে।"
প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, এক আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে।
চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে দৃশ্য ধারণের কাজ হয়েছে।
আরও পড়ুন