Published : 11 Sep 2025, 11:00 AM
সাড়ে তিন দশকের সংগীতজীবন নিয়ে গল্প শোনাতে আসছেন সংগীতশিল্পী কনকচাঁপা।
বৃহস্পতিবার তার জন্মদিন ঘিরে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।
চ্যানেল আই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিল্পীজীবনের অভিজ্ঞতা নিয়ে কনকচাঁপা কথা বলেছেন কনকচাঁপা চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘তারকাকথনে'। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।
অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর সাড়ে ১২টায়।
‘তুমি আমার এমনই একজন’, ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’সহ বহু জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্ম ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর।
এই শিল্পী একবার তার জন্মদিনে ফেইসবুকে লিখেছিলেন জীবনের শেষ পর্যন্ত গানের সঙ্গে থাকতে চান তিনি।
তিনি লিখেছিলেন, “কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, সুরের সাথে ন্যায়ের সাথে ভালো কাজের সাথেই থাকতে চাই। আরো ভালো কিছু কাজ করতে চাই। এই আমার বড় ইচ্ছা।”
জন্মদিনের স্মৃতিচারণায় এই শিল্পী জানিয়েছিলেন, ছোটবেলায় মোম জ্বালিয়ে স্বজনদের দাওয়াত করে উৎসব করার রীতি তার পরিবারে ছিল না। তবে একবার এক জন্মদিনের দিন তার মা বান্ধবীদের ডেকে পায়েস, চানাচুর, কেক-নুডলস দিয়ে আপ্যায়ন করেছিলেন।
কনকচাঁপা বলেন, “সত্যিকার অর্থেই জন্মদিনের প্রতি আলাদা কোনো দুর্বলতা আমার নেই একথা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই। আর আমি কোনো সেলিব্রিটি বা তারকা নই যে আমার জন্ম তারিখ কাউকে মনে রাখতে হবে।”
১৯৯৩ সাল থেকে নিয়মিত গান করেন তিনি। চলচ্চিত্রের তিন হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পীর একক অ্যালবাম রয়েছে ৩৫টি। গানের পাশাপাশি লেখালেখিও করেন এই গায়িকা। সেগুলোর মধ্যে তিনটি বই প্রকাশও করেছেন।
আরও পড়ুন: