১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৃণাল আর চঞ্চল মিলেমিশে ‘মৃণাঞ্চল’

সর্বশেষ 'পদাতিক' এর টিজারেও  দেখা গেছে মৃণালে চঞ্চল মিলেমিশে একাকার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:14 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

পরে অভিনেতা, আগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র। তাই আঁকাআঁকিটা সহজেই চলে আসে অভিনেতা চঞ্চল চৌধুরীর। ইদানিং সময় পেলে কাগজে স্কেচ করছেন তিনি, তারপর প্রকাশ করছেন সোশাল মিডিয়ায়।

এবার যে ছবিটা চঞ্চল এঁকেছেন, সেটির শিরোনাম দিয়েছেন ‘মৃণাঞ্চল’। শিরোনামেই ছবির অর্থ স্পষ্ট। চঞ্চল যে ছবিটা এঁকেছেন, তাতে ভারতের চলচ্চিত্রকার মৃণাল সেনের মুখাবয়ব ফুটে উঠলেও দারুণ মিল ধরা পড়েছে তার নিজের চেহারার সঙ্গে। 

ফেইসবুকে ছবি পোস্ট করে চঞ্চল বলেন, “অনেক দিন পর মৃণাল সেনের ছবি আঁকতে বসে খেয়াল করলাম….ক্রমশই তাঁর চেহারাটা চঞ্চলের মত হয়ে যাচ্ছে….কি অদ্ভূত!!!! তাই ছবিটার নাম দিলাম মৃণাঞ্চল॥ প্রকৃতি সত্যিই বড় অদ্ভূত…..।"

গত বছরের শেষ নাগাদ খবর আসে পশ্চিমবঙ্গে নির্মাতা সৃজিত মুখার্জি মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন, সেটির নাম দিয়েছেন 'পদাতিক'। আর মৃণাল হতে সৃজিত বেছে নিয়েছেন চঞ্চলকে। 

কারণ সৃজিত মনে করেছিলেন দু’জনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। 

“কিন্তু মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও তার রাজনীতি চেতনা, যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল পাওয়া যায়। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে”, বলেছিলেন সৃজিত। 

এরপর বিভিন্ন সময়ে মৃণাল রূপে চঞ্চলের লুক সামনে এসেছে। তাতে মৃণালের সঙ্গে চেহারার সাদৃশ্য ধরা পড়েছে তার। 

সর্বশেষ 'পদাতিক' এর টিজারেও  দেখা গেছে মৃণালে চঞ্চল মিলেমিশে একাকার। এই সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত।

মৃণাল হওয়ার গল্প নিয়ে ফেইসবুক পোস্টে চঞ্চল বলেন, “মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের সময় প্রায় ছয় মাস তাঁর মত হতে চেষ্টা করেছিলাম, যদিও সেটা অসম্ভব ছিল। বাইরে দেখতে কিছুটা মৃণাল সেনের মত হলেও, ভেতরের মানুষটাকে ছোঁয়া অতটা সহজ ছিল না।”

প্রেক্ষাগৃহে আসার আগে মৃণালের বায়োপিক ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয়েছে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।

তবে এখনও সিনেমাটির মুক্তির তারিখ জানাননি সৃজিত।

চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল

'পদাতিক'র টিজারে ভিন্ন চঞ্চল

মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও

মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী

চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল