Published : 26 May 2025, 12:07 AM
গানে গানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।
বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা রোববার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যায় অতিথি হয়ে এসেছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, “বিদ্রোহী কবি নজরুল একজন চেতনার কবি, যিনি অন্তর্ভুক্তিমূলক মানবতাবাদকে ধারণ করতেন, যেখানে বৈচিত্র্যকে উদযাপন ও আলিঙ্গন করা হয়।”
সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মিস অ্যান মেরি জর্জ বলেন, “কাজী নজরুল ইসলাম প্রতিরোধ ও সৃষ্টিশীলতার প্রতীক, যিনি বাংলাদেশ, ভারত এবং বিশ্বের নানা প্রান্তের মানুষকে আজও অনুপ্রাণিত করেন।”
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সুজিত মুস্তাফা এবং জুলি শারমিলী।
জুলি শারমিলী বাংলাদেশের একজন বহুমাত্রিক শিল্পী, যিনি প্লেব্যাক, আধুনিক গান, গজল, নজরুলগীতি ও রবীন্দ্রসংগীতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
অন্যদিকে সুজিত মুস্তাফা বাংলাদেশের অন্যতম শীর্ষ নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীতশিল্পী। তার বাবা আবু হেনা মুস্তফা কামাল ছিলেন প্রখ্যাত কবি, গীতিকার, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী।
সুজিত মুস্তাফা শান্তিনিকেতনে আইসিসিআর স্কলার হিসেবে সংগীত শিক্ষা নেন এবং পরে দিল্লিতে পণ্ডিত অমরনাথ, উস্তাদ হাফিজ আহমেদ খান ও পণ্ডিত বিনোদ কুমারের কাছে তালিম নেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে অভিনেত্রী ও কথক শিল্পী মুনমুন আহমেদ হঠাৎ মঞ্চে এসে স্বামী সুজিত মুস্তাফার গাওয়া নজরুলগীতির সঙ্গে নৃত্যঅভিনয় করেন। তার পরিবেশনায় দর্শক বিমোহিত হয়।
মুনমুন আহমেদ বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় পুরস্কার ও ইউনেস্কো কালচারাল অ্যাওয়ার্ডসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন।
আইসিসিআর প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।