সার্টিফিকেশন বোর্ডের পদ ছাড়লেন খিজির হায়াত
নির্মাতা খিজির হায়াত লিখেছেন, "সরকারি পদে থাকা মানে এই নয় যে মনের কথা এডিট করে বলতে হবে।"
দুই মাসের মাথায় নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নির্মাতা খিজির হায়াত খান।
মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, তিন সপ্তাহ আগে স্বেচ্ছায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে নিজের পদ ছেড়ে এসেছেন।
এই বিষয়ে বিস্তারিত জানতে কয়েকবার ফোন করেও খিজির হায়াতকে পাওয়া যায়নি।
তবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি বৃহস্পতিবার আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।"
'বাক এবং ব্যক্তি স্বাধীনতার' জন্য সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন জানিয়ে ফেইসবুকে খিজির হায়াত লিখেছেন, "সরকারি পদে থাকা মানে এই নয় যে, মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারো মানুষ ২৪ শে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানিনা।
"কোন পদ পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারবো না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে এই সকল কিছু বিবেচনা করিয়া ব্যক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি। আমার বাক এবং ব্যক্তি স্বাধীনতা আমার কাছে সবচাইতে দামি।”
গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছিল। ১৫ সদস্যের এই বোর্ডে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল; প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন; চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির; অভিনেত্রী নওশাবা আহমেদ ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।
আরও পড়ুন:
