১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গুলমোহর' ওটিটিতে, সঙ্গে 'কাবুলিওয়ালা’সহ আরও যা যা

চলতি সপ্তাহের থ্রিলার, পারিবারিক-ড্রামা, কমেডি ও অ্যানিমেশন ঘরানার সিরিজ ও সিনেমার খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।

‘গুলমোহর' ওটিটিতে, সঙ্গে 'কাবুলিওয়ালা’সহ আরও যা যা
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপাপ্ত সিরিজ ও সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 12:34 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

চরকিতে এসেছে সৈয়দ আহমেদ শাওকীর নির্মাণে নতুন সিরিজ 'গুলমোহর'। হইচইয়ে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর 'কাবুলিওয়ালা' সিনেমা। আর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে 'ভুল চুক মাফ'।  

নেটফ্লিক্স দেখাচ্ছে অ্যানিমেশন সিরিজ 'লাভ, ডেথ অ্যান্ড রোবটসের' নতুন সিজন।

চলতি সপ্তাহের থ্রিলার, পারিবারিক-ড্রামা, কমেডি ও অ্যানিমেশন ঘরানার সিরিজ ও সিনেমার খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।

রহস্য ও দ্বন্দ্বের 'গুলমোহর'

শাওকীর 'গুলমোহর' সিরিজটি বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে চরকিতে। এতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়; দেশের অভিনয় শিল্পীদের মধ্যে সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকারসহ অনেকে।

মিস্ট্রি-ড্রামা ঘরানার এই সিরিজের গল্পে দেখা গেছে একটি পরিবার ও একটি বাড়িকে ঘিরে তৈরি হওয়া নানা রকম রহস্য ও দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাসের ঘটনা। 

ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; সেই গল্প নিয়ে শাওকী বানিয়েছেন ‘গুলমোহর’। দেখা গেছে পূর্বপুরুষের অন্ধকার দিকটাও।

রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা'

পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা' সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। এবার সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। 

এতে 'কাবুলিওয়ালা' হয়েছেন মিঠুন চক্রবর্তী; আরো অভিনয় করেছেন অনুমেঘ কাহালি, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার।

সিনেমায় দেখা গেছে জীবিকার সন্ধানে আফগানিস্তান থেকে মেয়ে রাজিয়াকে ছেড়ে কলকাতায় আসে রহমত খান। উদ্দেশ্য, বাদাম, আখরোট, শীতপোশাক বিক্রি করে কিছু টাকা নিয়ে দেশে ফেরা। 

কলকাতায় এসে রহমতের পরিচয় হয় ছোট্ট মিনির সঙ্গে। মিনিকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে যায় রহমতের। অদ্ভুত এক সম্পর্কের মায়ায় জড়িয়ে যায় তার সঙ্গে। 

একদিন মিনিকে খুঁজে পায় না তার মা-বাবা। সবাই সন্দেহ করে রহমতকে। রহমত ও মিনির সম্পর্কের গল্পেই এগিয়ে গিয়েছে সিনেমাটি।

কমেডি ঘরানার সিনেমা ‘ভুল চুক মাফ’

করণ শর্মা পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার হিন্দি সিনেমা ‘ভুল চুক মাফ’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। 

সিনেমাটি গত ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল কিন্তু ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে তা বিলম্বিত হয় এবং ওটিটিতে মুক্তি দেওয়া হয়।  

সিনেমায় দেখা গেছে রঞ্জন ও তিতলির ভালোবাসার গল্প। সরকারি চাকরি পেলেই রঞ্জন বিয়ে করতে পারবে তিতলিকে। সরকারি চাকরি পেতে দেবতাদের কাছে প্রার্থনা করে রঞ্জন, একপর্যায়ে চাকরি পেয়েও যায়। বিয়ে ঠিক হয় মাসের ৩০ তারিখ। 

কিন্তু ২৯ তারিখ আর শেষ হয় না, ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। এমনই গল্পে এগিয়ে গিয়েছে ‘ভুল চুক মাফ’ সিনেমা।

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি, আরও আছেন সঞ্জয় মিশ্র, জাকির হুসেন এবং রঘুবীর যাদব।

অ্যানিমেশন সিরিজ 'লাভ, ডেথ অ্যান্ড রোবটস ভলিউম ৪'

নেটফ্লিক্সে বৃহস্পতিবার দেখা যাচ্ছে অ্যানিমেশন সিরিজ 'লাভ, ডেথ অ্যান্ড রোবটস ভলিউম ৪'। 

এই সিরিজটি প্রাপ্তবয়স্কের জন্য। সিরিজের বিভিন্ন পর্ব বিভিন্ন ঘটনাকে ঘিরে।

সিরিজে অভিনয়ে দেখা গেছে জন বোয়েগা, কেভিন হার্ট, ড্যান স্টিভেন্সকে।