২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নতুন সিনেমায় অধরা খান, চরিত্রের ধরন ‘আল্ট্রা মডার্ন’

‘দ্য ফ্রড’ সিনেমায় নায়ক হয়ে কে আসছেন, সেটা চমক হিসেবেই তুলে রেখেছেন নির্মাতা।

নতুন সিনেমায় অধরা খান, চরিত্রের ধরন ‘আল্ট্রা মডার্ন’

চিত্রনায়িকা অধরা খান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 04:08 PM

Updated : 29 Dec 2022, 04:08 PM

বছর শেষে জানা গেল চিত্রনায়িকা অধরা খান যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘দ্য ফ্রড’ নামের সিনেমটি পরিচালনা করছেন শফিক হাসান।

অধরা খান নিজেই ‘ফ্রড’? নাকি ‘ফ্রডের শিকার’? গ্লিটজকে এ নায়িকা  বললেন, “গল্পের প্রয়োজনে এমন নাম। তবে আমি ফ্রড নাকি ফ্রডের শিকার সেটা এখন বলা যাবে না। দর্শককে সিনেমা হলে গিয়ে সেটা জানতে হবে।”

সিনেমায় অধরার চরিত্রটি কেমন? তিনি বললেন, “এখন খুব বেশি কিছু বলতে পারব না। এটুকু বলতে পারি, আমার চরিত্রটা খুবই আল্ট্রা মডার্ন। গল্পটা দারুণ।“

সিনেমায় দর্শক তার চরিত্র ও গল্প দুটোই উপভোগ করবে বলে প্রত্যাশা অধরার।

Image

সিনেমায় চুক্তির সময় পরিচালক শফিক হাসানের সঙ্গে অধরা খান

শুটিং কোথায় কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে অধরা বলেন “বুধবার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। গল্পের প্রয়োজনে সিনেমার অর্ধেকের বেশি শুটিং হবে ইউরোপে। নতুন বছরের শুরুতেই শুটিং শুরুর চিন্তা ছিল। কিন্তু ইউরোপে এখন শীতকাল। শীত কমলে শুটিং শুরু হবে।“

ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে অধরা খান অভিনীত ‘সুলতানপুর’। সেই সিনেমার প্রচারে ভালোভাবে সময় দিয়ে তারপর ‘দ্য ফ্রড’ সিনেয়াম কাজ শুরুর ইচ্ছা আছে বলে তিনি জানালেন।

নির্মাতা শফিক হাসান জানান, শিল্পীদের বিষয়ে কিছু চমক তিনি আনবেন।

“নতুন বছরের শুরু থেকেই দেশ এবং দেশের বাইরে দ্য ফ্রড সিনেমার শুটিং করব। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে।…শিগগিরই অন্য শিল্পী-কুশলীদের পরিচয় করিয়ে দেব।”

তবে অধরার বিপরীতে কাকে নায়ক হিসেবে দেখা যাবে সে বিষয়ে নায়িকা বা নির্মাতার কেউ মুখ খোলেননি।

লাবনী ফিল্মসের ব্যানারে ‘দ্য ফ্রড’ প্রযোজনা করছেন শারমিন ইসলাম। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এখন পর্যন্ত অধরা খানের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৬ সালে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেও তার মুক্তি পাওয়া প্রথম সিনেমা ২০১৮ সালের ‘নায়ক’।

 নায়কের পর অধরার ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা দুটি মুক্তি পায় ২০১৮ ও ২০২১ সালে। আর ‘সুলতানপুর’ নিয়ে অধরা বড় পর্দায় আসতে চলেছেন আগামী  ফ্রেব্রুয়ারিতে।