১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’, চরিত্ররা কেমন

তানিম বলেন, "সিনেমায় কিছু দারুণ গান আছে, ঈদের আগেই দুই একটা প্রকাশের ইচ্ছে আছে।"

‘বনলতা এক্সপ্রেস’, চরিত্ররা কেমন
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অভিনয়শিল্পীদের ফাস্ট লুক টিজার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 08:31 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নামের যে সিনেমাটি নির্মাণে হাত দিয়েছেন তানিম নূর, সেটির নির্মাণ কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি চলছে।  

বুধবার এক টিজারে সিনেমার চরিত্রগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা তানিম। 

ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "'বনলতা এক্সপ্রেস' এ যাত্রা শুরু করার জন্য তৈরি তো সবাই, এবার তবে যাত্রীদের সাথে পরিচয় হয়ে যাক।"  

'বনলতা এক্সপ্রেস' এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ অনেকে।

প্রকাশ করা লুক টিজারে দেখা গেছে, ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে সিনেমায় চিত্রা চরিত্রটি করেছেন সাবিলা নূর, মোশাররফ করিমকে দেখা গেছে রাশিদ উদ্দিন চরিত্রে , ড. আশহাব করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম করেছেন আফিয়া, আজিজ চরিত্রে শ্যামল মাওলা, সুরমা চরিত্রে আজমেরি হক বাঁধন, মিস্টার এ কে কে চরিত্র করেছেন চঞ্চল চৌধুরী।

সিনেমাটি নিয়ে গ্লিটজের কথা হয় তানিমের সঙ্গে। 

তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে গত মাসে। বর্তমানে এর পরবর্তী সম্পাদনা-পর্বের কাজ চলছে।        

"বনলতা এক্সপ্রেসের সম্পাদনা শেষ, এখন সাউন্ড মিউজিকের কাজ চলছে। আমরা খুব শিগগিরই একটু একটু করে প্রচারে আসব।"

সিনেমার দৃশ্যধারণ নিয়ে এই নির্মাতা বলেন, "বনলতা এক্সপ্রেসের দৃশ্যধারণ শেষ হয়েছে গত মাসেই। শুটিং খুব ভালো হয়েছে।

“সিনেমায় বেশ কিছু দারুণ দারুণ গান আছে। ঈদের আগেই দুই একটা গান প্রকাশের ইচ্ছে আছে। আমি আশাবাদী এই গানগুলো যখন দেখবে দর্শক বেশ পছন্দ করবে।"  

অভিনয়শিল্পীদের নিয়ে তানিম বলেন, "যারা অভিনয় করেছেন সবাই খুব দারুণ করেছেন। খুব এনজয় করে আমরা শুটিংটা করেছি। এই সিনেমার প্রত্যেকেই বড় শিল্পী, তাদের সঙ্গে খুব সহজভাবে সুন্দর করে কাজটি শেষ করতে পেরে আমি আনন্দিত। একসঙ্গে এত শিল্পীকে নিয়ে কাজ অভিজ্ঞতা আমার জন্য খুব দারুণ ছিল। তাদের নিষ্ঠা এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।"  

'বনলতা এক্সপ্রেস' নিয়ে আপনার প্রত্যাশা কেমন প্রশ্নে তিনি বলেন, "আমি তো খুবই আশাবাদী। 'উৎসব' সিনেমার মত বনলতা এক্সপ্রেসও দর্শকের প্রত্যাশা পূরণ করবে। বাকিটা তো মুক্তি পেলেই দেখা যাবে। একে তো হ‌ুমায়ূন আহমেদের স্যারের গল্প থেকে নির্মাণ। সিনেমা তো যৌথভাবে নির্মিত একটা শিল্প। আমরা সিনেমার জন্য সবাই খুব এফোর্ট দিয়েছি, চেষ্টা করেছি ভালো কিছু করার। সবাই মিলে যখন একটা কাজ করি তখন সেটা সফল হয়। আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতি।"  

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ-এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

আরও পড়ুন:

এক ঝাঁক তারকার 'বনলতা এক্সপ্রেসযাত্রার অপেক্ষায়

হ‌ুমায়ূন আহমেদের 'কিছুক্ষণথেকে তানিম নূরের 'বনলতা এক্সপ্রেস'