১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এক ঝাঁক তারকার ‘বনলতা এক্সপ্রেস’ যাত্রার অপেক্ষায়

হুমায়ূন আহমেদের গল্প থেকে নেওয়া চিত্রনাট্য, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে হতে যাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 01:24 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

অনুষ্ঠানের মঞ্চ সাজানো ছিল ট্রেনের আদলে। সিনেমায় চরিত্রগুলোর যে নাম সেই নামে ডাকা হলো শিল্পীদের।

একে একে ট্রেন থেকে নেমে আসেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজের মত তারকারা।

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নামে যে সিনেমা নির্মাণের ঘোষণা এসেছিল সেটির মহরতের শুরুটা ছিল এমনই।

এসব তারকা অভিনয় শিল্পীদের পরিচালক এক জোট করেছেন ‘বনলতা এক্সপ্রেসে’। শিগগির সিনেমার দৃশ্যধারণ শুরু করার কথা বললেন পরিচালক তানিম নূর।

শনিবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে এ সিনেমার মহরত অনুষ্ঠানে ‘বনলতা এক্সপ্রেস’ এর অভিনয় শিল্পীদের এভাবেই সামনে আনেন তিনি।

হুমায়ূন আহমেদের গল্প থেকে নেওয়া চিত্রনাট্য, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে হতে যাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা।

অনুষ্ঠানে তানিম নূর বলেন, "হ‌ুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।" 

মোশাররফ করিম বলেন, "এই বনলতা এক্সপ্রেস ট্রেনে আমরা উঠেছি ট্রেনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতগুলা সুন্দর সুন্দর মানুষ এই কাজে যুক্ত হয়েছে আশা করছি কাজটি ভালো হবে।" 

জাকিয়া বারী মম বলেন, "কোনো একটা যাত্রায় সহযাত্রী ভালো হওয়ার প্রয়োজন আছে। এত ভালো ভালো সহযাত্রীদের সঙ্গে এই যাত্রা মিস করতে চাইনি বলে এই সিনেমায় যুক্ত হওয়া।"

পরিচালক ও অভিনয়শিল্পীদের জন্যই এতে যুক্ত হওয়ার কথা তুলে ধরে আজমেরী হক বাঁধন বলেন, "আমরা সবাই মিলে যাত্রা শুরু করেছি, এই যাত্রা কোথায় গিয়ে শেষ হয় তা এখনো জানা নেই। এই ট্রেনের চালক আমার বেশ পছন্দের। যাত্রীদের ও আমার ভীষণ পছন্দের। তাই এই কাজটিতে যুক্ত হওয়া।" 

আয়োজনে আরও উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান। 

শিল্পীদের নাম ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে সিনেমাটির ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ-এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।