পরমব্রতের লেখা গল্পে সিনেমা বানাচ্ছেন রাজা চন্দ
ত্রিভূজ প্রেমের এই সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় ও লহমা ভট্টাচার্য।
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখা গল্পে সিনেমা বানাবেন পরিচালক রাজা চন্দ। সিনেমার নাম ‘বিয়ে বিভ্রাট’।
ত্রিভুজ প্রেমের গল্প নির্ভর এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় ও লহমা ভট্টাচার্য।
সম্প্রতি আবীর ও পরমব্রতের সাথে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা নিয়ে আনন্দবাজার অনলাইনের সাথে খোলামেলা কথা বলেছেন রাজা। জানিয়েছেন, এই চরিত্রের জন্য এই দুই নায়ক ছাড়া আর কাউকেই ভাবতেই পারছিলেন না তিনি।
নির্মাতার কথায়, “আমার ধারণা একটা সময়ে এই সিনেমাটা হয়তো পরিচালনার কথা ভেবেছিল পরমব্রত। যদিও এই বিষয়ে তার সঙ্গে আমার কোনও কথা হয়নি।”
বড় পর্দায় খুব বেশি কাজ না করায় ‘বিয়ে বিভ্রাট’-এর মধ্যদিয়েই আবীর ও পরমের সঙ্গে তার সমীকরণও প্রথমবার দেখবেন দর্শক।
এ প্রসঙ্গে রাজা বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন মুখ যেন সীমিত হয়ে যাচ্ছে। বেশ কিছু নতুন মুখ দরকার আগামী দিনে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই জন্য ইদানীং ছোট পর্দার বেশ কিছু নায়ক-নায়িকাকেও দেখা যাচ্ছে বড় পর্দায়। তাই এই ছবির জন্যও নতুন মুখ খুঁজছিলাম। আশা করছি, দর্শকের ভাল লাগবে।”
ইন্ডাস্ট্রিতে কথিত রয়েছে, ছোট পর্দার অভিনেতা হওয়ার কারণে অনেকেই বড় পর্দায় সুযোগ পান না, এমনকি পরিচালকদের অনেকেই সুযোগ দিতে ইতস্তত করেন।
এ প্রসঙ্গে রাজা বলেন, “আমি যে দুই নায়ককে নিয়ে কাজ করেছি, তারা কিন্তু দুজনেই ছোট পর্দা থেকে উঠে এসেছেন। আর আমি নিজেও আমার ক্যারিয়ার শুরু করেছি ছোট পর্দার মাধ্যমেই। ফলে এই ভেদাভেদকে গুরুত্ব না দেওয়াই উচিত।”
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘বিয়ে বিভ্রাট’-এর ট্রেইলার। সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য এবং গান গেয়েছেন অরিজিৎ সিংহ।
আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
