স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র ‘ওয়েটিং ফর সিনেমা’
দশ মিনিট ছয় সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে উঠে এসেছে জীবনসংগ্রামের গল্প।
চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র ও শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাতার' পুরস্কার জিতেছে সাঈদী হাসান রাব্বির চলচ্চিত্র ‘ওয়েটিং ফর সিনেমা’।
উৎসবের বিচারক ও চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল রিয়াজ নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রাব্বি বলেন, “এই উৎসব তরুণ নির্মাতাদের জন্য বড় অনুপ্রেরণা। সিনেমার ভাবনা ও নির্মাণ নিয়ে যারা নতুন কিছু করতে চান, তাদের জন্য এই আয়োজনটা দারুণ এক প্ল্যাটফর্ম।”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে চার দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে গত ৩১ মে।
এবারের আসরে জমা পড়ে মোট ৩২২টি চলচ্চিত্র, যার মধ্যে ২০৯টি ছিল ফিকশন ও ৫১টি প্রামাণ্যচিত্র।
দশ মিনিট ছয় সেকেন্ড দৈর্ঘ্যের ‘ওয়েটিং ফর সিনেমা’ চলচ্চিত্রে উঠে এসেছে ছোট এক কফিশপের মালিক আল আসাদুল করিম শিশিরের জীবনসংগ্রামের গল্প।
তিনি একাধারে একজন স্বামী ও পিতা। অন্যদিকে তার স্বপ্ন সিনেমা নির্মাণ করা। জীবনের ঘেরাটোপে আটকে পড়া মানুষটির সন্দেহ হয়, তিনি সিনেমাকে ভালবেসেছেন, বিনিময়ে সিনেমা কি তাকে ভালবেসেছে!
নিজের সাথে বোঝাপড়ায় নামেন তিনি। এমনই গল্পে এগিয়ে গেছে চলচ্চিত্রটি।
এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে সেন্সমেকার্স। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন সানজিদুল ইসলাম, সাউন্ড ডিজাইনে শৈব তালুকদার এবং রঙ বিন্যাস করেছেন চিন্ময় রায়।
নির্মাতা সাঈদী হাসান রাব্বি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক করেছেন। ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রচর্চার সঙ্গে যুক্ত রাব্বি বর্তমানে নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত।
‘ওয়েটিং ফর সিনেমা’ এরই মধ্যে বাংলাদেশ ছাড়াও লিথুনিয়ার ‘ট্রেইন ফিল্ম ফেস্টিভাল’, ভারতের ‘সিনেপার্বন আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কার্নিভাল’ এবং বাংলাদেশের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ উৎসবে প্রদর্শিত হয়েছে।
