গিটার শেখাবেন অনি হাসান
অনি হাসান বলেন," যারা আমার সঙ্গে গিটার শিখতে আগ্রহী, আপনাদের জন্য গিটার ক্লিনিকের আয়োজন করা হয়েছে।"
দেশের রক ও মেটাল ব্যান্ডগুলো কয়েক বছর ধরে দারুণ একটা সময় কাটাচ্ছে। কনসার্টের পাশাপাশি এবার গিটার ক্লিনিক শিরোনামে এক সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে গিটার শিখাবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান, এরশাদ জামান।
তরুণ উদীয়মান গিটারিস্টিদের আমন্ত্রণ জানিয়ে অনি হাসানকে নিয়ে ‘গিটার ক্লিনিক উইথ অনি হাসান’ এর আয়োজন করছে মাভিক্স গ্লোবাল। আগামী বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে হবে এই আয়োজন।
ম্যাভিক্স গ্লোবাল প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ফারহান ফুয়াদ উৎস গ্লিটজকে বলেন, “দুই ঘণ্টার মতো ‘গিটার ক্লিনিক' সেশনে গিটার শেখাবেন অনি হাসান। অনি ভাই দেশে আসার আগেই আমাদের সঙ্গে কথা হয়েছিল, অনি ভাইও জানালেন উনি গিটার ক্লিনিকটা করতে চান৷ তাই এই ভিন্ন আয়োজন।
“শুধু গিটার ক্লিনিকই না। আরও কিছু সারপ্রাইজ গিটার জ্যামিং আছে, যেখানে থাকবেন আর্টসেলের সাবেক লিড গিটারিস্ট এরশাদ জামান। যাকে আমরা ছয় থেকে সাত বছর পর মঞ্চে ফিরে পাব।"
তিনি আরও বলেন, “এই জ্যামিং সেশনে আরও অনেকেই থাকবেন গেস্ট হিসেবে। সব ব্যান্ড থেকেই একজন করে গিটারিস্ট থাকবেন। লাইভ গিটার জ্যামিং সেশনটা পাঁচজন গিটারিস্টকে নিয়ে আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় জ্যামিং গিটার সেশন হবে এটি। বাংলাদেশে এর আগে এতো বড় জেমিং সেশন হয়নি। পাশাপাশি গানও থাকছে। ওয়ারফেজের সাবেক ভোকালিস্ট মিজান রহমান ও অনি হাসান গান গাইবেন।”
এদিকে ফেইসবুকে এক ভিডিও বার্তায় অনি হাসান বলেন, “যারা আমার সঙ্গে গিটার শিখতে আগ্রহী, আপনাদের জন্য গিটার ক্লিনিকের আয়োজন করা হয়েছে। যেটি পরিচালনা করব আমি। আমার সমস্ত গল্প এবং কিছু প্লে থ্রু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তরও দিব। আগামী ১৬ মে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে বিকাল ৩টা থেকে আমি থাকব। আমি আশা করছি এটি আপনারা পছন্দ করবেন।”
ম্যাভিক্স গ্লোবালের উৎস বলেন, ১৬ মে দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯ টাকা। গেট সেট রকে এই আয়োজনের টিকেট পাওয়া যাচ্ছে।
