২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় গণহত্যার চেয়ে কম কিছু হচ্ছে না: অস্কারজয়ী লরেন্স

গাজা নিয়ে লরেন্স বলেন, “পৃথিবীর কোনো প্রান্তে যা ঘটছে, তা যদি উপেক্ষা করেন, খুব শিগগির তা আপনার দিকেও ধেয়ে আসবে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 10:33 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

গাজায় যুদ্ধ বন্ধে এবার সরব হয়েছে অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। 

অভিনেত্রীর ভাষ্য, “ফিলিস্তিনের গাজায় যা হচ্ছে তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ 

ভ্যারাইটি বলছে, স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন আমেরিকান এই অভিনেত্রী।

উৎসব আয়োজকেরা সাংবাদিকদের গাজা নিয়ে প্রশ্ন থামানোর চেষ্টা করলে অভিনেত্রী স্বতঃস্ফূর্তভাবে নিজের অবস্থান তুলে ধরেন। 

লরেন্স বলেন, “আমি ভীত, সত্যিই ভয় পাচ্ছি। যা ঘটছে, তা গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টভাবে গণহত্যা। আমি আমার এবং আমাদের সবার সন্তানদের জন্য আতঙ্কিত।”

লরেন্স তার নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে সান সেবাস্তিয়ানে উৎসবে এসেছেন।

সেই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লরেন্স যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তার কথায়, এখন এমন একটি বাস্তবতায় তরুণ ভোটাররা বড় হচ্ছে, যেখানে রাজনীতিতে সততা নেই।

“রাজনৈতিক নেতারা মিথ্যা বলেন। তাদের ভেতরে সহানুভূতি বলে কিছু নেই। সবার উদ্দেশে বলতে চাই, পৃথিবীর কোনো প্রান্তে যা ঘটছে, তা যদি উপেক্ষা করেন, খুব শিগগির তা আপনার দিকেও আসবে।” 

লরেন্স মনে করেন যুক্তরাষ্ট্রে বর্তমানে মত প্রকাশের স্বাধীনতাই ‘হুমকির মুখে’। 

“তাই চলচ্চিত্র উৎসবগুলো এখন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের উৎসবে আমরা একে অন্যের গল্প শুনি, পর্দায় দেখি, একে অন্যের কাজ জানতে পারি, এবং এখানে আগতরা সআই গুরুত্বপূর্ণ।”

বিশ্বের জটিল রাজনৈতিক সংকটের সুরাহা শিল্পীদের পক্ষ থেকে আসবে সেটি ভেবে নেওয়া ভুল বলে মন্তব্য করেছেন লরেন্স। 

তিনি বলেন, “দয়া করে আমার কথা যেন আবার রাজনৈতিক হাতিয়ার হয়ে না যায় সেটি লক্ষ্য রাখবে। সমস্যার প্রকৃত দায়ভার যাদের, তাদের ওপরেই যেন তা বর্তায়।”

‘ডাই মাই লাভ’ সিনেমায় লরেন্স অভিনয় করেছেন গ্রেস চরিত্রে। চিত্রনাট্যে তাকে তুলে ধরা হয়েছে একজন সদ্য মা হিসেবে। যিনি দাম্পত্য সমস্যা ভুগছেন। 

এবারে কানের মঞ্চে ‘ডাই মাই লাভ’ দেখানোর পর তা ছয় মিনিট স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল।