১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোদাল হাতে জয়া ও ভক্তকূলের মুগ্ধতা

“মাটির গন্ধ। সবুজের ছোঁয়া। এটাই আমার বাড়ি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 07:00 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

মাটি আর গাছপালার সঙ্গে জয়া আহসানের সখ্যের কথা অজানা নয়। সময় পেলেই এই অভিনেত্রী সময় কাটান বাগানে। 

আর সে সব ছবি বা ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়। 

কদিন আগে কোদাল দিয়ে মাটি কোপানোর দৃশ্য দেখা গেল জয়ার নতুন ভিডিওতে। কেবল মাটি প্রস্তুত করা নয়, তিনি মাটিতে গোবরও মেশাচ্ছেন অবলীলায়।

ভিডিও প্রকাশের পর সেটি জয়ার ভক্তকূলের নজরে আসতে বেশি সময় নেয়নি। ওই ভিডিওর জন্য প্রশংসায়ও ভাসছেন ঢাকা-কলকাতার ব্যস্ত এই অভিনেত্রী।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে, ঢাকার পাশেই ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে নিজের বাংলোবাড়ির বাগানে কৃষিকাজ করছেন জয়া। 

ভিডিওতে কাজের ফাঁকে বাগানের গাছগুলোও ঘুরে দেখান তিনি। জয়ার বাগানে রয়েছে জবা, ঘুমন্ত জবাসহ হরেক প্রজাতির গাছ।

ক্যাপশনে জয়া লিখেছেন, “মাটির গন্ধ। সবুজের ছোঁয়া। এটাই আমার বাড়ি।”

ভিডিওটি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ ভিউ হয়েছে। এতে রিঅ্যাকশন পড়েছে প্রায় এক লাখের বেশি।

মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “আনন্দ বাঁচুন, হাসিতে বাঁচুন।এ হাসি ছড়িয়ে পড়ুক সবখানে।“

“সবাই এখন তোমার দেখাদেখি মাঠে নেমে পড়বে”, লিখেছেন একজন।

আরেকজনের ভাষ্য, “সত্যি সব শিল্পীরা মাটিকে এত ভালোবাসে না। আপনাকে দেখে সত্যি অভিভূত হলাম। মাটির কাছে গেলে মনটাও মাটির মতো উর্বর থাকে।”

কেউ লিখেছেন, “মাটির মানুষ। মাটির সঙ্গে সম্পর্ক।” 

এক জন লিখেছেন, “কৃষি কাজ হচ্ছে একটা আর্ট যেটা সবাই পারে না।“

স্বাস্থ্য সচেতন জয়াকে কদিন আগে একটি ভিডিওতে বলতে শোনা যায়, তার নিয়মিত জিমে যাওয়া অভ্যাস নেই। সময় পেলে নিজে হাতে বাগান করেন। তাতে মেদও কমে বলে ভাষ্য অভিনেত্রীর। 

এছাড়া কোনো সিনেমার শুটিং শুরু হওয়ার মাসকয়েক আগে থেকে জিম করা শুরু করেন তিনি। 

জয়া বলেন, নিয়মিত শারীরচর্চা থেকে দূরে থাকলেও মাঠঘাট, খেত খামারের কাজ তাকে সুস্থ রাখে, আনন্দে রাখে।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী ২’। পশ্চিমবঙ্গের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছেন ওপার বাংলায়।