১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে শাকিরা, পেরুর কনসার্ট বাতিল

“মঞ্চে ওঠার মত শারীরিক অবস্থা নেই আমার।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ার গায়িকা শাকিরা, তাই বাতিল হয়েছে তার পেরুর কনসার্ট।

পিপল ডটকম লিখেছে শাকিরার ‘‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শিরোনামের কনসার্ট ট্যুর শুরু হয়েছে কিছুদিন আগে, যে সফরের ঘোষণা এসেছিল গত বছরের শুরুতে। 

পেরুর রাজধানী লিমায় দেশটির জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় রোববার তার পরপর দুটি শো করার কথা ছিল শাকিরার। 

এর মধ্যে সোশাল মিডিয়ায় শাকিরা জানিয়েছেন, তার পেটের ব্যথা এমন অসহ্যকর পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। 

শাকিরা বলেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, রোববার রাতে পেটে ব্যথার জন্য আমাকে হাসপাতালের জরুরি বিভাগে যেতে হয়েছে এবং আমি এখন হাসপাতালেই আছি। মঞ্চে ওঠার মত শারীরিক অবস্থা নেই আমার।”

বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন শাকিরা এবং তাদের পরামর্শেই রোববারের কনসার্ট বাতিল করেছেন তিনি। 

শাকিরা বলেন, “মঞ্চে উঠতে না পারার জন্য আমি দুঃখিত। পেরুতে আমার ভক্তদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।”

নতুন অ্যালবামের প্রচারে বিশ্ব ভ্রমণের ঘোষণা শাকিরার

তোমাদের জন্য লড়ে যাবঅভিবাসীদের গ্র্যামি উৎসর্গ শাকিরার

পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভক্ত অনুরাগীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন শাকিরা।

গায়িকা আশা করছেন তিনি শিগগিরই পারফর্মেন্সের জন্য যথেষ্ঠ সুস্থ হয়ে উঠবেন। 

বাতিল হওয়া কনসার্টের নতুন তারিখ নিয়ে শাকিরা জানিয়েছেন আয়োজক এবং প্রচারকরা ইতোমধ্যে নতুন তারিখ ঠিক করতে কাজ করছেন।

চলতি মাসের শুরুতে সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উৎসর্গ করেছেন কলম্বিয়ার গায়িকা শাকিরা।

‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য চুতর্থবার গ্র্যামি জেতেন তিনি।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল।