১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চন্দ্রাহত ভারতীয় তারকারাও

বুধবার ভারত চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে নামার পর অন্যান্য ভারতবাসীর মতো এই আনন্দে সামিল হয়েছেন দেশটির তারকারাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 08:28 PM

Updated : 24 Aug 2023, 08:47 PM

চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে নেমে ভারতের ১৪০ কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেছে, দেশটিকে নিয়ে গেছে অভিজাত ‘মহাকাশ ক্লাবে’।

এই সফল অবতরণের পর গোটা দেশ উচ্ছ্বাসে ভেসেছে। শুভেচ্ছা, অভিনন্দনে ভরিয়ে তোলা হয়েছে ইসরোকে। আর সবার মতো এই আনন্দে সামিল হয়েছেন ভারতীয় তারকারাও।

বুধবার চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণের পর ভারতের জাতীয় পতাকাসহ বিক্রম ল্যান্ড রোভারের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

ক্যাপশনে লেখেন, “চাঁদ-তারা হাতের মুঠোয় থাকবে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ব আমরা। আজ ভারত এবং ইসরো বাজিমাত করে ফেলেছে। সকল বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন, গোটা টিমকে শুভেচ্ছা, যাদের জন্য আজ গর্বের আসনে বসেছে ভারত।”

টাইমস অব ইন্ডিয়া বলেছে, বুধবার বিক্রমের অবতরণের আগেই ইসরোকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়্যালিটি শোয়ের মঞ্চে ইসরোর কর্মীদের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা বলেন, ”কাল যখন চাঁদ উঠবে, তখন সেই চাঁদের মাটিতে আমাদের দেশের পদক্ষেপের ছাপ থাকবে। কাল আমাদের চন্দ্রযান নিজের মামার বাড়ি অর্থাৎ চাঁদ মামার বাড়ি পৌঁছবে। কাল আমাদের শৈশবের গল্পের চাঁদ, প্রেমিকার মুখ চাঁদ, ব্রত ও উৎসবের চাঁদ, আমাদের দেশের নাগালে হবে। এই সাফল্য আমাদের গোটা দেশের জন্য এক বার্তা। যে দেশ ব্রত নিয়েছে, এবার আমরাও কিছু করে দেখাব।”

দক্ষিণের মহাতারকা রজনীকান্তও টুইটে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নিজেকে গর্বীত ভারতীয় নাগরিক দাবি করে অভিনেতা লিখেছেন, “আমেরিকা, রাশিয়া বা চীনের মতো শক্তিশালী দেশকে পেছনে ফেলে ভারত এই অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছে। প্রথমবার চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ পা রেখে গোটা দেশবাসীকে গর্বিত করেছে। প্রাণঢালা শুভেচ্ছা রইল গোটা ইসরোর টিমকে।”

বুধবার সন্ধ্যায় ‘ফাইটার’ এর পুরো টিমকে নিয়ে ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেছেন অভিনেতা হৃতিক রোশন। হাতের সমস্ত কাজ ছেড়ে ইসরোর ইউটিউব চ্যানেলে দেখেছেন চন্দ্রযান-৩ এর ল্যান্ডিংয়ের দৃশ্য। সেই উদযাপনে সঙ্গী ছিলেন গায়ক বিশাল দাদলানিও।

ইনস্টাগ্রামে গায়কের শেয়ার করা ভিডিওতে ফাইটার টিমকে মগ্ন হয়ে চন্দ্রযান-৩ এর অবতরণের দৃশ্য উপভোগ করতে দেখা গেছে।

ক্যাপশনে বিশাল লিখেছেন, “টিম ফাইটার সমস্ত কাজ ফেলে রেখে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং দেখছে। ভারত, ইসরোর জন্য কী ভীষণ একটা গর্বের দিন। এই ঐতিহাসিক মুহূর্ত হৃতিক রোশন, সিদ্ধার্থ আনন্দ এবং অভিজিৎ নালানির সঙ্গে ভাগ করতে পেরে গর্বিত আমি। জয় হিন্দ।”

পিছিয়ে ছিলেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। ইনস্টাগ্রাম স্টোরিতে ইসরোর সাইট থেকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিংয়ের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “ভারত চাঁদে, গর্বের মুহূর্ত। ইসরোর বিজ্ঞানীদের অনেক অভিনন্দন যাদের জন্য এই সাফল্য অর্জিত হয়েছে।”

অভিনেতা সালমান খানও ভারতকে গর্বিত করার জন্য ইসরোর সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, “ভারত মায়ের জয় হোক।”

এছাড়াও সানি দেওল, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদবানিসহ আরো অনেক তারকাও যুক্ত হয়েছেন দেশের সাফল্যের এই উচ্ছ্বাসে।