০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আমির হয়ত গজনির চরিত্রে ডুবেছিলেন, তাই ‘স্মৃতিবিভ্রাট’: ‘থ্রি ইডিয়ট্স’ বিতর্কে ওয়াংচুক

তবে ‘থ্রি ইডিয়ট্স’ সিনেমাটিকে নিজের জীবনীচিত্র বা তার জীবনের উপর ‘ভিত্তি করে তৈরি’- এমনটা চান না ওয়াংচুক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 11:18 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

বলিউডি অভিনেতা আমির খান দাবি করেছিলেন, তার সঙ্গে নাকি সমাজকর্মী সোনম ওয়াংচুকের কখনও দেখাই হয়নি। 

মাসখানের আগে আমিরের সেই বক্তব্য বিস্ময় তৈরি করলেও যাকে নিয়ে কথাটি বলা, সেই ওয়াংচুক এতদিন চুপচাপ ছিলেন। অবশেষে আমিরের ‘গজনি’ সিনেমার চরিত্রের প্রসঙ্গ টেনে রসিকতা করে অভিনেতাকে কটাক্ষ করেছেন তিনি। 

সোনম ওয়াংচুকের দাবি, আমিরের হয়ত ‘স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ’ হয়েছিল!

গেল জুলাই মাসে সোনম ওয়াংচুকের বিষয়ে আমির খানকে প্রশ্ন করা হয় লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে। প্রশ্নটি ছিল তার জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ঘিরে।

দীর্ঘদিন ধরেই বলা হয়ে আসছিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি নাকি সমাজকর্মী সোনম ওয়াংচুক থেকে অনুপ্রাণিত।

তবে এটি ‘ভুল ধারণা’ বলে লন্ডনের অনুষ্ঠানে স্পষ্ট জানিয়ে দেন আমির। ২০০৯ সালে সিনেমা তৈরির সময় তিনি সোনমকে চিনতেন না বলেও স্পষ্ট করেছেন।

এই মন্তব্যে তুমুল কটাক্ষের শিকার হন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কদিন হল ২০০৮ সালের একটি অনুষ্ঠানের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেই অনুষ্ঠানে লাদাখে কাজের স্বীকৃতিতে ওয়াংচুককে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আমিরও। ভিডিওতে ওয়াংচুকের বক্তৃতা মন দিয়ে শুনতেও দেখা যায় অভিনেতাকে।

সেই প্রসঙ্গেই এই সমাজকর্মী বলেন, ‘‘অনেক ভিডিও ফের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ‘গজনি’র পোশাকে তিনি (আমির খান) আমার বক্তৃতা শুনছেন। তিনি ‘গজনি’র পোশাকে ছিলেন বলেই এবং হয়ত স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশের শিকার হয়েছিলেন। ১৫ মিনিট পরেই হয়ত ভুলে গিয়েছিলেন আমাকে। তাই আমি তার কথা শুনে অবাক হইনি।”

ওই সময়ে আমিরের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথাবার্তা হয়েছিল বলে জানিয়েছেন ওয়াংচুক।

তার কথায়, “স্মৃতিভ্রংশ না হলে তিনি ভুললেন কী করে? আমরা অনেক কথা বলেছিলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমরা শুনেছি, উনি নিজের চরিত্রের মধ্যে খুব গভীরভাবে ঢুকে যান। তাই হয়ত ‘গজনি’-তে এতটাই ঢুকে গিয়েছিলেন যে, ওই অনুষ্ঠানে উনি এসেছিলেন, যেখানে আমি পুরস্কার নিচ্ছিলাম, সেটাও ভুলে গিয়েছেন!’’

২০০৮ সালে মুক্তি পায় বলিউডের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘গজনি’। সেখানে আমির অভিনীত চরিত্রটির স্মৃতিবিভ্রাট হয়।

তবে ‘থ্রি ইডিয়ট্স’ সিনেমাটিকে নিজের জীবনীচিত্র বা তার জীবনের উপর ‘ভিত্তি করে তৈরি’ এমনটা বলতে চান না ওয়াংচুক। 

তার কথায়, ‘‘আমি ‘থ্রি ইডিয়ট্স’ সিনেমাটিকে আমার ‘বায়োপিক’ বলব না। কিন্তু প্রভাব বা অনুপ্রেরণার ফসল বলা যায়। হয়ত আমির অবচেতনভাবেই সেই ভাবনাগুলি নিজের কাছে নিয়ে গিয়েছিলেন এবং সেগুলো কোনো চিত্রনাট্যের মধ্যে ব্যবহার করেছিলেন। এমনও হতে পারে, লেখকেরাও জানতেন না সেই ভাবনাগুলি কোথা থেকে এসেছিল।’’

তবে আমির যে তাকে চেনেন না বলে দাবি করেছেন-এ বিষয়ে ওয়াংচুকের কোনো ক্ষোভ নেই।

হাসতে হাসতে তিনি বলেন, ‘‘যাই হয়ে থাকুক না কেন, তাতে আমার কিছু যায় আসে না।”

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসের ঘটনাকেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যুব সংগঠন সিজেপির সমর্থনে গত ২৮ জুন থেকে অনশনে বসেছিলেন ৫৯ বছর ওয়াংচুক। 

সরকারের সঙ্গে 'দীর্ঘ আলোচনার পর এবং সহিংসতা এড়াতে' ২৬ দিন পর গেল ২৪ জুলাই অনশন ভাঙেন তিনি।

ওয়াংচুক যখন অনশনে বসেছিলেন, তখনই লন্ডনে সিনে উৎসবে আমিরের কাছে তাকে নিয়ে প্রশ্ন করা হয়। আর আমিরও বলে দেন, সোনম ওয়াংচুকের সঙ্গে তার ‘চেনাজানা নেই’। 

২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক

‘সোনমজিকে চিনতাম না’, আমিরের মন্তব্যের মাঝেই ‘থ্রি ইডিয়টসের’ পুনর্মুক্তি

'শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাও, সোনমও কিছু খেয়ে নাও', পিছু হটলেন সালমান