১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নিজস্ব সৃষ্টিতে বিশ্ব জগতের হয়ে ওঠেন রবীন্দ্রনাথ’: লন্ডনে ‘আনন্দধারা আর্টসের’ পরিবেশনা

“রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টির ভেতর পূর্ব বাংলার মানে আজকের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 02:34 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

গানে-কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে লন্ডনের সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধারা আর্টস’।

পুর্ব লন্ডনের রেডব্রিজ মেথোডিস্ট চার্চ মিলনায়তনে গেল শনিবার রবীন্দ্রজয়ন্তীতে ‘আনন্দধারা আর্টস’ আয়োজন করে ‘নানা রঙের রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের। 

‘আনন্দধারা আর্টসের’ পরিচালক চিকিৎসক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় শিশুদের ‘আমরা নূতন প্রাণের চর’ পরিবাশেনা নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ‘সত্যজিতের চলচ্চিত্রে রবীন্দ্র সঙ্গীত’ মঞ্চস্থ হয়; যা গ্রন্থনা ও উপস্থাপন করেন উদয় শঙ্কর দাশ। এই পর্বে উর্বী মধুরা, মৃত্তিকা সহিতা এবং ইমতিয়াজ আহমদ গেয়ে শোনান রবি ঠাকুরের গান। 

একক পরিবেশনায় সুরের মূর্ছনা ছড়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহা।

অনুষ্ঠানের সমাপনী পরিবেশনা রাখা হয় ‘রবীন্দ্র বাউলের গান’। এই পর্বে রবীন্দ্রনাথের বাউল ভাঙা গানের সাথে মূল বাউল গানটির পরিবেশনা ভিন্নমাত্রা পায়। 

এছাড়া নৃত্য পরিবেশনায করেন আর্থিকা সাহা ও কান্তা তাজরিন।

অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন অমিত দে, অমি ইসলাম, তানিম, পিয়াস বড়ুয়া ও অনিরুদ্ধ মুখার্জি। 

শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে আরাফাত কীর্তি এবং মঞ্চসজ্জায় ছিলেন গোলাম আকবর মুক্তা। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এ আর টেলিভিশন আর এর পরিচালক জয়দীপ রায়। 

ইমতিয়াজ আহমেদের বলেন “রবীন্দ্রনাথের জন্ম অবিভক্ত বাংলায়। ওঁর পূর্বপুরুষ পূর্ববাংলার। ওঁর সমস্ত সৃষ্টির ভেতর পূর্ব বাংলার মানে আজকের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওঁকে ভারতীয় কবি করে গণ্ডীবদ্ধ করার কুচক্রটা কী করে সম্ভব। 

“যিনি তাঁর সমস্ত সৃষ্টির ভেতর দিয়ে বিশ্ব জগতের হয়ে উঠেছেন তাঁকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে বাঁধতে চাইছে যারা,তারা তাদের ক্ষুদ্রতাকেই তুলে ধরছে বারবার। আমরা সেই ক্ষুদ্রতার বিরুদ্ধে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সৃষ্টির ভেতর দিয়ে অন্য এক জীবন উদযাপন করতে চাইছি।”