১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেপালে দুর্যোগ: অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী মানসী

“সবার জন্য নিরন্তর প্রার্থনা করছি, তবে যা ঘটেছে তাতে মন ভেঙে গেছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 05:15 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

নেপালের ভয়াবহ দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। 

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, বর্তমানে তিনি চীনে নিরাপদে অবস্থান করছেন।

সোশাল মিডিয়ায় মানসী ছবি ও ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। একই সঙ্গে এই ঘটনায় শোক প্রকাশ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

দুর্যোগে নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় মানসীর যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার। 

তবে তার আগেই সেখান থেকে সরে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

সোশাল মিডিয়ায় মানসী বলেন,  “কী খারাপ অবস্থা হয়েছে! বৃহস্পতিবার তো এখানেই থাকার কথা ছিল আমার। আর এখন পুরো জায়গাটাই পানিতে তলিয়ে গেছে।”

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও লেখেন, “জীবন অনিশ্চিত। কিন্তু যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি। যা ঘটেছে তাতে মন ভেঙে গেছে।”

নেপালের রসুয়া অঞ্চল থেকে সৃষ্ট বিধ্বংসী আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচশোর কাছাকাছি পৌঁছেছে। নিখোঁজ রয়েছে দুই হাজারের বেশি মানুষ।

এর মধ্যেই তিব্বতের দিকে ভূমিধসে তৈরি হওয়া একটি হ্রদের পানি উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার খবরে সেখানে নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নেপালের কয়েকটি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে উদ্ধার অভিযান।

মনীষা 'মানসিকভাবে বিপর্যস্ত', নেপালের পাশে দাঁড়ানোর অনুরোধ

মনীষার কেবলই মনে হচ্ছিল তিনি 'মারা যাচ্ছেন

নেপালে দুর্যোগ: অপুর সিনেমার শুটিংয়ে আটকে পড়েছেন খরাজ