চরবাসীর সংগ্রাম ও অন্ধকার জীবনের সিনেমা ‘পটু’, চলছে ওটিটিতে
আহমেদ হুমায়ূন নির্মিত এই সিনেমায় চর অঞ্চলের মানুষের জীবনাচার উঠে এসেছে।
চর অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়ে ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা 'পটু' দেখা যাচ্ছে এবার ওটিটি প্ল্যাটফর্মে।
বঙ্গতে চলছে সিনেমাটি, যা মুক্তি পেয়েছিল গেল বছর।
আহমেদ হুমায়ূনের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা দোয়েলসহ অনেকে।
'পটু' সিনেমার গল্প এগিয়েছে চরে বাস করা মানুষের জীবনাচার নিয়ে।
সেখানকার মানুষের প্রেম, ভালোবাসা আর বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি তুলে ধরা হয়েছে স্থানীয় মানুষের জীবনের অন্ধকার এক অধ্যায়ের কথা।
চিত্রানাট্যে দেখানো হয়েছে, একটি নদীতে জেগে ওটা একটি চরে গড়ে উঠেছে একটি গ্রাম। ওই গ্রামে কিছুদিন পরপর মানুষ নিখোঁজের ঘটনা ঘটে।
আর গ্রামবাসী মনে করে পদ্মার স্রোতে তারা হয়ত ভেসে গেছেন। একবার ওই গ্রামে বেড়াতে যান ঢাকা থেকে দুইজন মানুষ। নিখোঁজ হওয়া মানুষ সত্যিই পদ্মার পানিতে ভেসে যায় নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে, তা অনুসন্ধানে নামেন তারা।
পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীরা এই সিনেমায় অভিনয় করেছেন বলে জানিয়েছেন আহমেদ হুমায়ূন।
রাজশাহীর দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে সিনেমাটির। এ ছাড়া রাজশাহী শহর ও নওগাঁতেও কিছু শুটিং করা হয়।
হুমায়ূন বলেন, "ফেইসবুকে প্রচার হওয়া ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দর্শক দেখছেন, পছন্দ করছেন। দেরিতে হলেও সিনেমাটি দর্শক ওটিটিতে দেখতে পারছেন, ভালো লাগছে।"
২০২৪ সালের ১০মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পটু’ সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
