অ্যাভাঁগার্ডের ২৬ বছর, পাঁচ দিনের নাট্যোৎসব
বৃহস্পতিবার শুরু হওয়া নাট্যোৎসব শেষ হবে সোমবার।
প্রতিষ্ঠার ২৬ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে নাট্যদল অ্যাভাঁগার্ড।
‘অবিরাম অহর্নিশ পথ পেরোনোর ছাব্বিশ’ স্লোগানে এই আয়োজন শুরু হচ্ছে বৃহস্পতিবার, চলবে সোমবার পর্যন্ত।
উৎসবের পাঁচটি নাটকেরই রচনা করেছেন সুমন টিংকু। এর মধ্যে চারটি নাটক মঞ্চে আনবে অ্যাভাঁগার্ড, একটি করবে প্রতিভাস নাট্যদল।
উৎসবের উদ্বোধনী দিন ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে সুমন টিংকুকে।
ফেইসবুকে এক পোস্টে দলটি বলছে, “নানা অনিশ্চয়তা আর অস্থিরতার ভেতর দিয়ে এই উৎসবের আয়োজন কিছুটা সময় পিছিয়ে গিয়েছিল। তবু থিয়েটারের প্রতি ভালোবাসা কখনো থেমে থাকে না—মঞ্চের আলো নিভে গেলেও গল্পের স্রোত থামে না।
“ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের একঘেয়েমি পেরিয়ে, রমজান ও ঈদের পর আমরা আবারও সাজিয়েছি এক প্রাণবন্ত নাট্য মিলনমেলা যেখানে মঞ্চ, মানুষ আর গল্প আবার মিলিত হবে এক উষ্ণ আয়োজনে।"
এই নাট্যোৎসব প্রথমে হওয়ার কথা ছিল গত জানুয়ারি মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত। তবে শেষ মুহূর্তে উৎসব স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসব আয়োজনের পরিকল্পনা করা হলেও জাতীয় নির্বাচনের কারণে সেবারও পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে দুইবার স্থগিত হওয়া সেই নাট্যোৎসব।
উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর থাকবে অ্যাভাঁগার্ডের নাটক ‘ফায়ার’। নির্দেশনা দিয়েছেন শামসুল কবির লিটন। নাটকটি দেখা যাবে সন্ধ্যা ৭টায়।
দ্বিতীয় দিন ৩ এপ্রিল দেখা যাবে নাটক ‘মহাবীর বিক্রম’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু। এটাও অ্যাভাঁগার্ডের প্রযোজনা। একই সময়ে দেখা যাবে নাটকটি।
‘নবান্ন ফিরে আসো’ নাটকটি প্রদর্শিত হবে ৪ এপ্রিল। অ্যাভাঁগার্ডে এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার।
৫ এপ্রিল প্রদর্শিত হবে প্রতিভাস নাট্যদলের ‘পাপ’, নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। শেষ দিন ৬ এপ্রিল দেখা যাবে অ্যাভাঁগার্ডের
প্রযোজনা ‘চে’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু।
