‘বাবা, কেউ আমাকে ফলো করছে’
শিহাব শাহীনের ভাষ্য, অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা তার মেয়ের একটি ঘটনা তাকে এই সিনেমাটি নির্মাণে তাগিদ দিয়েছে।
জীবনের একটি সত্য ঘটনাকে এবার পর্দায় তুলে আনছেন নির্মাতা শিহাব শাহীন।
বাবা ও মেয়ের সম্পর্ক ঘিরে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নামের ওয়েব ফিল্মটি তৈরি করছেন এই নির্মাতা।
সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আফজাল হোসেন; আর মেয়ের হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
ওয়েব ফিল্ম বানানোর খবর শিহাব নিজেই দিয়েছেন তার ফেইসবুকে। নির্মাতা বলেছেন, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা তার মেয়ের জীবনের একটি ঘটনা তাকে এই সিনেমাটি নির্মাণে তাগিদ দিয়েছে।
তিনি জানান, একদিন রাতে সিডনি থেকে তার মেয়ে তাকে ফোন করে বলেন “বাবা কেউ আমাকে ফলো করছে, তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো।”
শিহাব বলেন, ভীষণ চিন্তিত আর নিরুপায় এক বাবা হয়ে সেদিন তিনি মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে থাকেন, যতক্ষণ না তার মেয়ে নিজেকে বিপদমুক্ত মনে করে।
ওই ঘটনাটি ধরে একটি ওয়েব ফিল্ম দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানান শিহাব। আরও জানান, বাবা ও মেয়ের চরিত্রে আফজাল হোসেন এবং তাসনিয়া ফারিণকে নির্বাচন করার কথা।
