Published : 30 Oct 2024, 11:56 AM
থিয়েটারের মঞ্চে নিজের শেষ নাটকটি নিয়ে মাঝেমধ্যেই সরব হতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেতা গায়ক অঞ্জন দত্তকে।
মঞ্চে নাটকটি আসার প্রায় এক মাস আগে ফেইসবুকে দীর্ঘ পোস্টে উইলিয়াম শেক্সপিয়ারের 'কিং লিয়ার' শিরোনামের নাটকটি নিয়ে বলতে গিয়ে অঞ্জন তার শুরুর দিনের স্মৃতি হাতড়েছেন। পাশাপাশি অভিনয় জীবনের শেষ মঞ্চ নাটক নিয়ে আফসোসও করেছেন অঞ্জন।
অঞ্জনের এই লেখার অনেকটা জায়গাজুড়ে আছেন চিত্রনাট্যকার মৃণাল সেন; যিনি মঞ্চ থেকে অঞ্জনকে অভিনেতা হিসেবে আবিষ্কার করে নিয়ে এসেছিলেন পর্দায়।

অঞ্জন লিখেছেন, “যত দিন যাচ্ছে, আফসোস হচ্ছে এটাই আমার শেষ নাটক। কিন্তু আমার কাছে নাটক মনে অভিনেতার শরীর, আর আমার শরীরের বয়স অনেক বেড়ে গেছে। কিন্তু নাটক দিয়েই আমার জীবনের শুরু।”
মৃণালকে অভিনয়ে-নির্মাণে গুরু মেনেছেন অঞ্জন। প্রথম জীবনে অঞ্জন ছিলেন সাংবাদিক। একই সঙ্গে নাটক করতেন। ১৯৮১ সালে মৃণালের 'চালচিত্র' দিয়ে সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ হয় অঞ্জনের।
তাকে নিয়ে অঞ্জন বলেছেন, “নিজের মত করে নাটক মাধ্যমকে বুঝতে, দেখতে শেখা। মৃণাল সেনের দৌলতে সিনেমাতে অভিনয়, রোজগারের জন্য গান, সিনেমা তৈরি করা। নাটক বন্ধ। আবার ২০১২ তে নিজের নাটকের কোম্পানি এবং Galileo, অনেক experiment, বন্ধুত্ব, ভালবাসা, প্রচলিত বাংলা নাট্য চর্চার বিরুদ্ধে যাওয়া, আর্থিক বিপর্যয়, ব্যর্থতা। কত বিদেশি নাট্যকারের সঙ্গে কাজ করা, আমার জীবনের একটা অচেনা, অজানা দিক বলতে পারেন। সেই দিক শেষ হতে চলেছে।”

চার দশক পর ‘কিং লিয়ার’ দিয়ে আগামী মাসের শেষের দিকে সেই নাটকের মঞ্চেই ফিরছেন অঞ্জন। তবে এই ফেরা ‘শেষবারের মত’ বলে জানিয়েছেন অঞ্জন।
তিনি বলেন, “আপাতত একটা বছর নিয়েই ভাবা যাক। "আরো একটা Lear", কেন? "আরো একটা" সেটা জানতে চাইলে, বা আমার অজানা দিকটা চিনতে চাইলে চলে আসুন জ্ঞান মঞ্চে। November এর ২৫ তারিখ। টিকেটের দাম বেশি নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। অনেক ভেবেই এই দাম ঠিক করা। কিছু একটু কম দামের টিকিটের ব্যবস্থা করব, পরের দিকে।
“তবে পারলে মূল নাটকটা পড়ে এলে ভালো হয়। নাটকের এই সুবিধে আছে। সেই সুবিধের সুযোগ নিলে আপনারাই লাভবান হবেন। ”

অভিনয়ের বাইরে নব্বইয়ের শুরু থেকে টানা কয়েক দশক গানে ডুবে আছেন অঞ্জন। কেবল অ্যালবাম নয়, ঢাকা-কলকাতাসহ বিভিন্ন শহরে কনসার্ট করে বেরিয়েছেন।
গানের সঙ্গে ১৯৯৮ সাল থেকে সিনেমাও বানিয়ে চলেছেন তিনি। হালের ওটিটিতেও তার পদার্পণ হয়েছে। পাশাপাশি পুরোদমে চলছে অভিনয় এবং নির্মাণ।
কিছুদিন আগে ওটিটি এবং প্রেক্ষাগৃহ দুই জায়গায় মৃণাল সেনকে নিয়ে অঞ্জনের পরিচালনায় মুক্তি পেয়েছে 'চালচিত্র এখন'। সেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আর অঞ্জনের ভূমিকায় দেখা গেছে তরুণ অভিনেতা শাওন চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: