০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মঞ্চে ফিরছেন অঞ্জন

শেক্সপিয়ারের 'কিং লিয়ার' নাটকটি নিয়ে প্রত্যাবর্তন অধ্যায় শুরু করতে চান অঞ্জন দত্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 10:42 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

যে থিয়েটারের মঞ্চ থেকে অভিনেতা, গায়ক অঞ্জন দত্তকে সিনেমায় নিয়ে এসেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন, অনেক কাল বাদে সেই মঞ্চে ফিরতে চলছেন অঞ্জন।  

উইলিয়াম শেক্সপিয়ারের 'কিং লিয়ার' নাটকটি নিয়ে প্রত্যাবর্তন অধ্যায় শুরু করতে চান অঞ্জন দত্ত। এই খবর তিনি জানিয়েছেন হিন্দুস্তান টাইমসকে।

দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, "আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। জানি কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। তবে মৃণালদা (মৃণাল সেন) কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এ বছর সিনেমা আর নয়। থিয়েটার করব। শেক্সপিয়ারের 'কিং লিয়ার' করব ভাবছি। এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজায় ফিরব।” 

প্রথম জীবনে অঞ্জন ছিলেন সাংবাদিক। একই সঙ্গে নাটক করতেন। 'চালচিত্র' সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়ে ১৯৮১ সালে অঞ্জনকে প্রথম বড় পর্দায় নিয়ে আসেন মৃণাল সেন। এরপরে বেশ কয়েকটি সিনেমা করেন অঞ্জন। 

নব্বইয়ের শুরু থেকে টানা কয়েক দশক গানে ডুবে আছেন অঞ্জন। কেবল অ্যালবাম নয়, ঢাকা-কলকাতাসহ বিভিন্ন শহরে কনসার্ট করে বেরিয়েছেন। 

গানের সঙ্গে ১৯৯৮ সাল থেকে সিনেমাও বানিয়ে চলেছেন তিনি। হালের ওটিটিতেও তার পদার্পণ হয়েছে। পাশাপাশি চলেছে অভিনয়।

কিছুদিন আগে ওটিটি এবং প্রেক্ষাগৃহ দুই জায়গায় মৃণাল সেনকে নিয়ে অঞ্জনের পরিচালনায় মুক্তি পেয়েছে 'চালচিত্র এখন'। সেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আর অঞ্জনের ভূমিকায় দেখা গেছে তরুণ অভিনেতা শাওন চট্টোপাধ্যায়কে।