বিষাক্ত মানুষদের ছেঁটে ফেলা উচিত: পরিণীতি
“একটু থামুন, জীবনকে দেখুন। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার মানসিকতা। আপনি যেভাবে চান সেভাবেই জীবন যাপন করুন।”
তিক্ততা তৈরি করে এমন মানুষদের জীবন থেকে নির্মূল করার পরামর্শ দিয়েছেন বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া।
এনডিটিভি লিখেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উঠে এসেছে পরিণীতির জীবনদর্শন।
ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও শেয়ার করে এই অভিনেত্রী বলেন, “একটু থামুন, জীবনকে দেখুন। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার মানসিকতা। আপনি যেভাবে চান সেভাবেই জীবন যাপন করুন।
“এই মাসে একটু বিরতি নিয়ে ভেবে দেখলাম, গুরুত্বহীন বিষয় বা মানুষকে গুরুত্ব দেওয়া যাবে না। এক মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না। জীবন একটি টিকটিক করে চলা ঘড়ি। প্রতিটি মুহূর্ত নিজের পছন্দে বাঁচতে হবে।”
অন্যের আদর্শে বা প্রভাবে জীবনকে প্রভাবিত করে বেঁচে থাকার কোনো মানে নেই বলেও মনে করেন এই অভিনেত্রী।
“যদি আপনি অন্যের মতামতকে এত গুরুত্ব দিয়ে থাকেন তো, আপনার জীবন যে কেবলই আপনার সেটি ভাবা বন্ধ করে দিন। না হলে দিন শেষে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না।”
পরিণীতি আরো বলেন, “নিজের মতের মানুষদের খুঁজে বের করতে হবে। আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পেলে চলবে না। আর বাইরের পৃথিবী কী ভাবছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো মানেই নেই। জীবন সীমাবদ্ধ। তাই যেভাবে বাঁচতে চান, সেভাবেই বাঁচুন।”
পরিণীতির এই পোস্ট ঘিরে তার অনুরাগীদের মন্তব্যের বান ডেকে গেছে ইনস্টাগ্রামে।
বেশিরভাগ মানুষ অভিনেত্রীর দাম্পত্য জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
যদিও কয়েকদিন আগেই স্বামী রাজনীতিক রাঘব চাড্ডার প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি পোস্ট করেছিলেন পরিণীতি।
সেখানে স্বামীর ছবি দিয়ে তিনি লিখেছিলেন, “তোমার মত কেউ নেই।”
চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পরিনীতি অভিনীত সিনেমা ‘অমর সিং চামকিলা’।
আশির দশকে পঞ্জাবের জনপ্রিয় গায়ক ছিলেন অমর সিংহ ওরফে চমকিলা। মাত্র ২৭ বছর বয়সে এক ভরা আসরে আততায়ীদের হাতে খুন হন তিনি ও তার স্ত্রী। সিনেমায় গায়কের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তার স্ত্রী অমরজোৎ কউরের চরিত্রে দেখা গিয়েছে পরিণীতিকে।
সমালোচক থেকে দর্শক, সবারই প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। তবে অনেকেরই ধারণা, পরিণীতির যেন প্রত্যাবর্তন হয়েছে এই সিনেমার হাত ধরে।
