রাজধানীতে ভাইনাল রেকর্ড সংগ্রাহকদের মিলনমেলা
ভাইনাল রেকর্ড ও হাই-এন্ড অডিও যন্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যানালগ বিট’ ও ‘অডিও সিটি বাংলাদেশ’ ঘরোয়া আয়োজনে ‘রেকর্ড স্টোর ডে’ উদযাপন করেছে।
বিশ্বজুড়ে পালন করা ‘রেকর্ড স্টোর ডে’ উদযাপন করা হয়েছে রাজধানী ঢাকাতেও।
শনিবার এ দিবস উপলক্ষে বনানীতে ‘অ্যানালগ বিটের’ কার্যালয়ে দেশের ভাইনাল রেকর্ড সংগ্রাহকদের মিলনমেলা বসে।
বাংলাদেশে ভাইনাল রেকর্ড ও ‘হাই-এন্ড’ অডিও যন্ত্র আমদানি করে থাকে ‘অ্যানালগ বিট’ ও ‘অডিও সিটি বাংলাদেশ’। তাদের ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।
‘অ্যানালগ বিটের’ কার্যালয়ে এদিন জড়ো হন দেশের বিভিন্ন প্রান্তের ভাইনাল রেকর্ড সংগ্রাহকরা। আগের নজরুল সংগীতের এলপি, রবীন্দ্র সংগীতের এলপি, সংগীতশিল্পী শচীন দেববর্মণের এলপি থেকে শুরু করে বাউল সংগীত, লালনগীতি, লোক সংগীত, আধুনিক গানের ভাইনাল রেকর্ড, রুনা লায়লার গানের ভাইনাল রেকর্ড নিয়ে স্টোর বসে। এসব স্টোরে ছিল বিদেশি শিল্পীদের ভাইনাল রেকর্ডও।
সকালে এই আয়োজনের উদ্বোধন করেন অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু।
ভাইনাল রেকর্ডপ্রেমী, সংগীত সংগ্রাহক ও স্বাধীন রেকর্ড স্টোরগুলোর জন্য উৎসবের দিন হচ্ছে ‘রেকর্ড স্টোর ডে’। প্রতি বছর এপ্রিল মাসে তৃতীয় শনিবার বিশ্বব্যাপী উদযাপন করা হয় দিনটি।
‘রেকর্ড স্টোর ডে’ শুরু হয়েছিল ২০০৭ সালে। স্বাধীন রেকর্ড দোকানগুলোর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় সংগীতকে শক্তিশালী করাই ছিল দিবসের উদ্দেশ্য।
