Published : 08 Apr 2026, 10:44 AM
রক তারকা অ্যালিস কুপারের ব্যান্ডে যোগ দিয়েছেন নতুন গিটারিস্ট অ্যানা কারা।
নতুন গিটারিস্ট অ্যানা কারাকে বৃহস্পতিবার কনসার্টে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন কুপার।
রক ও মেটাল মিউজিক ভিত্তিক পত্রিকা লাউড ওয়্যার জানিয়েছে, ইংল্যান্ডের নিউকাসলে জন্ম নেয়া ২২ বছর বয়সী কারা এখন থেকে ব্যান্ডের সঙ্গে নিয়মিত বাজাবেন এবং সবগুলো কনসার্ট ও অ্যালবামেও কাজ করবেন।

কুপারের দীর্ঘদিনের গিটারিস্ট নিটা স্ট্রাউস গত গ্রীষ্মে প্রথমবারের মত মা হওয়ার পর জানিয়েছিলেন, সন্তানকে সময় দিতে ব্যান্ডের ব্যস্ত সূচি থেকে বিশ্রাম নিতে চান। চলতি বছরের জানুয়ারি থেকে ছুটিতে আছেন স্ট্রাউস। তার জায়গাতেই কারাকে নিয়েছেন কুপার।
ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কারাকে স্বাগত জানিয়ে কুপার বলেছেন, “মাতৃকালীন ছুটিতে থাকার সময়টাতে আমাদের সঙ্গে বাজানোর জন্য নিটা দারুণ এক ব্রিটিশ গিটারিস্টকে খুঁজে বের করেছে। অ্যানা কারা নিটার মতো একজন চমৎকার প্রতিভাবান গিটারিস্ট, কিন্তু ওর নিজের একটা স্টাইল রয়েছে। নিটা যতদিন ছুটিতে রয়েছে তার জায়গায় কারা খুব সহজে আমাদের দলের সঙ্গে মানিয়ে নেবে বলে আশা করছি। শো-তে তোমাকে স্বাগত জানাই অ্যানা!”

অ্যালিস কুপারের ব্যান্ডে যোগ দেয়ার আগে কারা ‘দ্য হলিউড ভ্যাম্পায়ার্স’ ও ‘ক্রোকাস’ ব্যান্ডেও বাজিয়েছেন।
অ্যালিস কুপার লাস ভেগাসে ‘ওয়েলকাম টু আওয়ার নাইটমেয়ার’ নামের কনসার্ট করছেন। প্রতি বৃহস্পতি থেকে শনিবার হচ্ছে এই শো। শোতে অ্যালিস কুপারের সঙ্গে রয়েছেন জাদুকর ক্রিস এঞ্জেলও।
লাস ভেগাসের শো শেষে যুক্তরাষ্ট্রের স্যান অ্যান্টোনিও ও নিউ জার্সিতে ‘অ্যালিস’ অ্যাটিক ট্যুর’ শুরু করবেন অ্যালিস কুপার। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের তুরকিয়ে ও ইটালিতে সফরে যাবে ব্যান্ড।