স্ত্রীকে হারানোর পরদিন সোহানুর রহমান সোহানও নিলেন চিরবিদায়
চলচ্চিত্র নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করা সোহান পরে নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
চলে গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। একদিন আগেই তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। বুধবার সন্ধ্যায় ঘুমন্ত অবস্থায় সোহানের মৃত্যু হয় বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী।
খসরু বলেন, “এটা খুবই দু:খজনক। স্ত্রী মারা গেলেন আগের দিন রাতে, আর আজ সোহান ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। ঘুমের মধ্যেই সোহান ভাই মারা যান। তাকে রুমে ডাকতে গিয়ে দেখেন, তিনি অচেতন পড়ে আছেন। পরে উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
চলচ্চিত্র নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করা সোহান পরে নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা। সোহান পরিচালিত সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু করেছিলেন সালমান শাহ, মৌসুমী, পপি, ইরিন জামান। ঢালিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দু’বার সহসভাপতির দায়িত্ব পালন করেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
