Published : 30 Mar 2026, 09:35 PM
মাত্র দুই দিনেই কোটি কোটি দর্শকের নজর কেড়ে রেকর্ড গড়েছে ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেইলার।
দ্য হলিউড রিপোর্টার লিখেছে, প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্রেইলারটি ২৭ কোটি ৭০ লাখের বেশিবার দেখা হয়েছে, যা এইচবিও এবং এইচবিও ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি ‘ভিউ’ হওয়া ট্রেইলারের রেকর্ড গড়েছে।
জে কে রাউলিংয়ের লেখা সাত খণ্ডের জনপ্রিয় এই উপন্যাসটি এবার সিরিজ আকারে নির্মিত হচ্ছে। আগে যেখানে ড্যানিয়েল র্যাডক্লিফের অভিনয়ে বড় পর্দায় হ্যারি পটার বিশ্বজয় করেছিল, এবার সেই গল্পই নতুনভাবে বলা হবে টেলিভিশনের জন্য।
এই খবরেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা গিয়েছিল।
নতুন সিরিজটি অনেকগুলো মৌসুমে নির্মিত হবে এবং প্রথম মৌসুমে তুলে ধরা হবে রাউলিংয়ের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারার্স স্টোনের’ গল্প। পরের প্রতিটি মৌসুমে একেকটি বইয়ের গল্প দেখানো হবে।
ট্রেইলারে যা দেখ গেল
গত বৃহস্পতিবার প্রকাশ হওয়া ট্রেইলারে দেখা যায়, ১১ বছর বয়সী হ্যারি, যে এতদিন জানত সে সাধারণ এক ছেলে, হঠাৎ করেই পায় জাদুর স্কুলে ভর্তি হওয়ার চিঠি। এরপর তার সামনে খুলে যায় এক অজানা জগৎ।
হ্যারি পরিচিত হয় তার ভবিষ্যৎ বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে। তার হাতে ওঠে ‘সোর্টিং হ্যাট’, সে জাদুর ক্লাসে যোগ দেয়, আবার কুইডিচ খেলায় অংশ নেয়।
নতুন সিরিজে রনের ভূমিকায় অভিনয় করেছে অ্যালাস্টেয়ার স্টাউট। আর আরাবেলা স্ট্যান্টন হয়েছে হারমায়োনি।
হ্যারি ও হ্যাগ্রিডের একটি সংলাপ ট্রেইলারের আবেগ বাড়িয়ে তোলে। যেখানে হ্যারি জানতে চায় তার মা–বাবা সম্পর্কে। জবাবে হ্যাগ্রিড বলে, তারা ছিলেন সাহসী, দয়ালু এবং সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ।
এই সিরিজে হ্যারির চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন। অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করেছেন জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার, সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিয়েদু, নেভিল লংবটম চরিত্রে রোরি উইলমট এবং ড্রাকো ম্যালফয় চরিত্রে লক্স প্র্যাট।
হ্যারি পটার চরিত্রের জন্য নির্বাচিত ডমিনিক ম্যাকলাফলিন অ্যাকশন অ্যাডভেঞ্চার সিরিজ ‘গিফটেড’, কমেডি সিনেমা ‘গ্রো’-তে অভিনয় করেছে।
সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রানচেস্কা গার্ডিনার, যিনি আগে ‘সাকসেশন’ এর জন্য প্রশংসিত হয়েছেন। কয়েকটি পর্ব পরিচালনা করবেন মার্ক মেলড, যিনি আগে ‘গেম অব থ্রোনস’ এর মত সিরিজে কাজ করেছেন।
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজটি চলতি বছরের বড়দিনের উৎসব ঘিরে এইচবিওতে প্রচার শুরু হবে এবং এইচবিও ম্যাক্সে দেখা যাবে।
জে কে রওলিংয়ের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে হ্যারি পটার নিয়ে নির্মিত প্রথম সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ নামের ওই সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর একে একে নির্মিত হয় আরও সাতটি সিনেমা।
সবশেষ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট টু’ মুক্তি পায় ২০১১ সালে।
এরপর প্রায় ১৫ বছর পটার ভক্তরা অপেক্ষায় রয়েছেন নতুন সিরিজ বা সিনেমার জন্য।
আরও পড়ুন:
‘হ্যারি পটার’: অভিনয়ের প্রস্তাব পাওয়ায় পাপা এসিয়েদুকে হত্যার হুমকি