১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিন্ন স্বাদের দুই সিনেমা প্রেক্ষাগৃহে

‘বান্ধব’ ৬টিতে এবং ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলবে ১১টি প্রেক্ষাগৃহে।

ভিন্ন স্বাদের দুই সিনেমা প্রেক্ষাগৃহে
'বান্ধব' ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’  সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 12:27 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প ও ট্রাভেল অ্যাডভেঞ্চারধর্মী গল্পে দুটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে।  

সুজন বড়ুয়ার পরিচালিত ‘বান্ধব’ ছয়টি এবং নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে শুক্রবার থেকে।  

মৌ খানের ‘বান্ধব’

পরিচালক সুজন বড়ুয়া গ্লিটজকে বলেছেন, সিনেমাটি ঢাকার লায়ন সিনেমাস ও উত্তরা ম্যাজিক মুভি থিয়েটারে দেখা যাবে। আর ঢাকার বাইরে চারটি প্রেক্ষাগৃহে চলবে।  

‘বান্ধব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে সিনেমায়। শিশুটিকে আশ্রয় দেয় একটি পরিবার। নাম রাখা হয় পরী। পরীর প্রেম, সংসার, সংগ্রাম ও তার জীবনে ঘটে যাওয়া গল্পে এগিয়ে যাবে সিনেমা।  

কুয়াকাটার সমুদ্রপাড়ের গল্প দেখা যাবে ১১ প্রেক্ষাগৃহে

‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার নির্মাতা নাসিম সাহনিক বলেছেন, ঢাকা ও ঢাকার বাইরে ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এর মধ্যে রয়েছে পাঁচটি মাল্টিপ্লেক্স। সেগুলো হল ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গ্রান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স ও আনন্দ সিনেপ্লেক্স।  

ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার সিনেমা এই সিনেমায় অভিনয় করেছেন আব্দুন নূর সজল, শিরিন শিলা, আব্দুন নূর সজল, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পলসহ অনেকে।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমাটি কুয়াকাটার সমুদ্রপাড়ে কিছু ব্যাচেলর গ্রুপের ছুটির কাহিনী দিয়ে শুরু হয়। পুরো সিনেমায় তারা সমুদ্রের সৌন্দর্য, পাহাড়ি অ্যাডভেঞ্চার এবং একে অপরের সঙ্গে বন্ধুত্বের মুহূর্ত উপভোগ করবে। তবে এই আনন্দময় মুহূর্তের মধ্যে উদ্ভুত হয় রহস্য ও বিপদ। কিছু সন্ত্রাসীর আক্রমণ ও তাদের বেঁচে থাকার লড়াইয়ের গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।