১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’, ৯ ভাষায় পোস্টার প্রকাশ

চারটি ভিন্ন চরিত্রে আসতে পারেন আল্লু অর্জুন।

আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’, ৯ ভাষায় পোস্টার প্রকাশ
আল্লু অর্জুন, অ্যাটলি কুমার ও 'রাকা' সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 11:01 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা আল্লু অর্জুন, পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘এএ ২২’ শিরোনামের যে সিনেমার ঘোষণা দিয়েছিলেন গেল বছর, সেই সিনেমার নাম বদলে গেছে। নতুন নাম হয়েছে ‘রাকা’ 

পোস্টার প্রকাশ করে নতুন এই নামটি ঘোষণা করে প্রযোজনা সংস্থা সান পিকচার্স। পাশাপাশি নয়টি ভিন্ন ভিন্ন ভাষায় সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। যেখানে বাংলা নামের পোস্টারও রয়েছে।

এনডিটিভি লিখেছে, আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমার নাম রাখা হয়েছে ‘রাকা’। বুধবার অভিনেতার ৪৪তম জন্মবাষির্কীতে প্রথম ঝলক হিসেবে পোস্টার প্রকাশ করা হয়। যেখানে  ভয়ংকর রূপে দেখা গেছে অর্জুনকে।

পোস্টারে কৃত্রিম মেকআপে বয়স্ক চরিত্রে উপস্থাপন করা হয়েছে অভিনেতাকে, চোখে গাঢ় কাজল, গা ভর্তি লোম এবং সেখান থেকে বেরিয়ে থাকা বড় নখ। সব মিলিয়ে চরিত্রটি বেশ ভীতিকর ভাবে তুলে ধরা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে ‘সীমার বাইরে এক দর্শনের জন্য নিজেকে প্রস্তুত করুন।’

যা আছে ‘রাকা’ সিনেমায়

বিজ্ঞানকল্প ও অ্যাকশনধর্মী এই সিনেমা দিয়েই প্রথমবারের মত একসঙ্গে কাজ করছেন অ্যাটলি ও অর্জুন। 

সিনেমায় অর্জুন চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারেন। এর মধ্যে দাদা, বাবা ও দুই ছেলের চরিত্র থাকতে পারে। এছাড়া গল্পে সমান্তরাল দুই মহাবিশ্বের ধারণাও থাকতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। 

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন; আরও রয়েছে জাহ্নবী কাপুর।

পিঙ্কভিলা বলছে, এই সিনেমার জন্য অর্জুন প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন। পাশাপাশি লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বও থাকতে পারে তার। অন্যদিকে পরিচালক অ্যাটলি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি।

‘রাকা’র মোট বাজেট প্রায় ৮০০ কোটি রুপি। এর মধ্যে প্রযোজনার জন্য প্রায় ২০০ কোটি এবং ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় আড়াইশো কোটি রুপি।

আরও পড়ুন:

অ্যাটলির ভরসা আল্লু অর্জুনেই