১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গুলমোহরের’ ট্রেইলারে যা দেখালেন শাওকী

‘গুলমোহর’ মুক্তি পাবে চলতি মাসের ১৫ তারিখে।

‘গুলমোহরের’ ট্রেইলারে যা দেখালেন শাওকী
ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2025, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

একটি বাড়িকে ঘিরে নানা রকম দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাস ও রাজনীতির ছায়া মেলে প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ ‘গুলমোহরের’ ট্রেইলার।  

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত 'গুলমোহরের’ এক মিনিট ৫৩ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, বাবার মৃত্যুর পর তাদের বাড়িকে ঘিরে নানা রকম জটিলতায় জড়িয়ে পড়েন উত্তরাধিকারেরা। এমনকি অপহরণের ঘটনাও ঘটে।

ট্রেইলারের ভিডিওতে সংলাপে শোনা যায়, “শত্রুর অভাব নেই এই পরিবারের, সময়ের সঙ্গে সঙ্গে সব ধরনের গদির মালিকানা বদলানো দরকার। দ্বন্ধ, সংঘাত, মারপিট এমন নানা কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে উঠে আসতে থাকে সেই পরিবারের সাজানো ভাবমূর্তির পেছনে লুকিয়ে থাকা বিস্ময়কর সব সত্য।”

‘তাকদীর’ ও ‘কারাগারের’ পর শাওকী তার তৃতীয় সিরিজে একটি পারিবারের গল্প নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তাতে রেখেছেন সংঘাত ও রহস্য।

ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য

সিরিজের গল্প, সংলাপ, চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে আছেন মারুফ প্রতীক।  

বিজ্ঞপ্তিতে সিরিজের গল্প নিয়ে শাওকী বলেন, "পরিবারের ক্রাইসিস মানে সম্পত্তি ভাগাভাগি, নিজেদের মধ্যে ঝগড়া, অবিশ্বাস। আমার গল্পে এগুলো আছে। কিন্তু বেশি যা আছে বা যা এ গল্পকে আলাদা করেছে বলে আমার মনে হয়, সেটা হলো পূর্বপুরুষের অন্ধকার দিকটাও যে উত্তরাধিকারীদের বয়ে বেড়াতে হয়, সে বিষয়ের বর্ণনা।"

সিরিজে একটি চরিত্রের ফিরে আসা এবং তার চোখ দিয়ে সমাজ বাস্তবতাকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পরিচালক।  

ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য

শাওকী তার এই কাজটিকে ‘বড় স্কেলের’ কাজ বলে বর্ণনা করেছেন। 

এরব্যাখ্যা করে শাওকী বলেন,"বড় স্কেলের কাজ বলতে প্রোডাকশন ডিজাইনের কথা বলা হয়েছে। সিরিজে আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি চরিত্র বিন্যাসের ওপর।  

"আমি এর আগে সিঙ্গেল প্রোটাগনিস্টের গল্প বলেছি। কিন্তু গুলমোহর সিরিজে অনেক চরিত্র। প্রত্যেকটি চরিত্রের ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন সংকট, ভিন্ন মাত্রা। এটা লিখতেও অনেক সময় লেগেছে, প্রোডাকশন ডিজাইনও করতে হয়েছে অনেক বড় করে। তাই এটা আমার সবচেয়ে বড় স্কেলের কাজ।"

সিরিজে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজ দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের কোনো কাজে দেখা যাবে  শাশ্বতকে।

আরো অভিনয় করেছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনওয়ারসহ অনেকে।

সিরিজে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের। আর ভাই–বোনের চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, সুষমা সরকার এবং মীর নওফেল আশরাফী জিসান। বড় ভাইয়ের ভূমিকায় আছেন ইন্তেখাব দিনার। 

ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

ওয়েব সিরিজ 'গুলমোহরের’ দৃশ্য

বোনের চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, তার চরিত্রের নাম রেহনুমা।

তিনি বলেন, "এ সিরিজটির চরিত্র আমার অভিনয়জীবনের অনন্য সংযোজন। রিহার্সাল থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা ছিল দুর্দান্ত। রেহনুমা বা রেণু এমন একটা চরিত্র, যাকে দেখলে মনে হবে এ তো খুবই পরিচিত একটা চরিত্র আবার কোথায় গিয়ে যেন সে একটু অপরিচিত হয়ে ওঠে। যে বারবার খোঁজে তার পারিবারিক সম্পর্কের সুর।"  

শান্তা চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবাহ।

বাবা, স্বামী, সন্তান, ভাই এবং রাজনৈতিক নেতাসহ নানা মাত্রার চরিত্র রানার। এ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান।

সিরিজটি নিয়ে ইমরান বলেন, "এ চরিত্রটির কাছে উত্তরাধিকার এবং এর পরম্পরা খুবই গুরুত্বপূর্ণ। খুবই চাপা স্বভাবের, নিজের ভাবনা বা পরিকল্পনা অন্যদের জানায় না এবং নিজের মধ্যেই তিলে তিলে শেষ হয়।"

চরকিতে আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে ’গুলমোহর’।