১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জনপ্রিয়তায় সুইফটকে পেছনে ফেললেন অরিজিৎ

স্পটিফাইয়ের সংগীতশিল্পীদের মধ্যে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন এ গায়ক।

জনপ্রিয়তায় সুইফটকে পেছনে ফেললেন অরিজিৎ

টেইলর সুইফট ও অরিজিৎ সিং

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 04:26 PM

Updated : 18 Aug 2023, 04:26 PM

বিশ্বের সেরা তিন জনপ্রিয় সংগীতশিল্পীর তালিকায় জায়গা করে নিলেন অরিজিৎ সিং। তাতে জনপ্রিয়তায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে ছাড়িয়ে গেছেন এ গায়ক। 

গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের ভক্তদের সংখ্যার নিরিখে টেইলর সুইফটসহ বিলি আইলিশ ও এমিনেমকে অরিজিৎ হারিয়ে দিয়েছেন বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে। 

ফলে জনপ্রিয় সংগীতশিল্পীদের মাঝে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। 

আনন্দবাজার বলেছে, স্পটিফাইয়ে অরিজিতের ভক্তের সংখ্যা এখন পর্যন্ত আট কোটি ৬০ লাখের বেশি। যেখানে সুইফটের সাত কোটি ৯০ লাখের কাছাকাছি। 

জনপ্রিয়তার নিরিখে ১১ কোটি ৩০ লাখ ভক্ত নিয়ে স্পটিফাই তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। দ্বিতীয় স্থানে রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার ভক্ত সংখ্যা প্রায় নয় কোটি ১০ লাখ। তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ। 

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেড়ে ওঠা অরিজিৎ টালিগঞ্জ ও বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন।